গতকালই খবর চাউর হয়েছিল বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বে থাকছেন না অ্যান্দ্রে অ্যাডামস। আজ সেই গুঞ্জন সত্য হলো। এমনকি শন টেইটের নিয়োগের খবরটিও।
সোমবার (১২ মে) পেস বোলিং কোচ হিসেবে শন টেইটকে নিয়োগের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ মাসের শেষে দিকে দলের সঙ্গে যোগ দেবেন টেইট। কাজ করবেন ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ দলের পেস বোলিং কোচের চুক্তি করে টেইট বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময়, কিছুটা নতুন যুগ। এটা প্রায়ই বলা হয়, পেসারদের মেধা আছে, এটা ভালো দিক। আন্তর্জাতিক ক্রিকেটে মেধা থেকে ফল বের করে আনার চেষ্টা করা হয়, এটা জয়ের দিকে ফোকাস করে। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুশি।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর অ্যালান ডোনাল্ড পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিলে নিয়োগ পান অ্যান্দ্রে অ্যাডামস। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিবদ্ধ হন তিনি। কিন্তু তার বহু আগেই তাকে বিদায় জানায় বিসিবি। সে জায়গাতেই এসেছেন টেইট।
অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে খেলেছেন টেইট। খেলা থেকে অবসর নেওয়ার পর আফগানিস্তান ও পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সবশেষ বিপিএলে ছিলেন চিটাগং কিংসের প্রধান কোচ।