৬ মাস পর মাঠে ফিরে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হয়েছেন তিনি। তবে তার ব্যর্থতার দিনে ২৬ রানে জয় পেয়ে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
রবিবার (১৮ মে) রাতে রাওয়ালপিন্ডিতে পেশোয়ারের বিপক্ষে সাকিব আল হসানকে রেখেই একাদশ সাজায় লাহোর কালান্দার্স। কিন্তু ব্যাট করতে নেমে গোল্ডেন ডাকেই (প্রথম বলেই আউট) ফিরতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।
বৃষ্টিবিঘ্নিত ১৩ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি পায় লাহোর কালান্দার্স। ফখর জামানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬০ রান। অন্য ওপেনার মোহাম্মদ নাইম করেন ২২।
সাতে নামা সাকিব প্যাডেল সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন প্রথম বলেই। ফলে প্রত্যাবর্তনটা মোটেও সুখকর হয়নি এই টাইগার অলরাউন্ডারের।
১৩ ওভারে ১৫০ রানের পরিবর্তিত টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পেশোয়ার জালমি। ১৩ ওভারে ১২৩ রান তুলতেই তারা হারায় ৮ উইকেট। লাহোর কালান্দার্স জয় পেয়েছে ২৬ রানে
লাহোরে হয়ে ৪টি উইকেট ঝুলিতে পোরেন সালমান মির্জা। বল হাতে সাকিব ২ ওভারে ১৮ রান খরচ করেন। অবশ্য কোনো উইকেট পাননি।