মুম্বাইয়ের মাঠে তাদেরই বিপক্ষে খেলবে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্লে-অফে জায়গা মুম্বাইয়ের। শেষ দলে হিসেবে জায়গা নিশ্চিত করতে তাই জয় পেতে মরিয়া স্বাগতিকরা।
অন্যদিকে, জয় না পেলে বিদায় নিশ্চিত দিল্লির। তাই টিকে থাকতে জয় পেতেই হবে মোস্তাফিজের দলকে। যদিও দুশ্চিন্তার জায়গাটা ভিন্ন। কেননা, এই ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টিতে।
ম্যাচভেন্যু মুম্বাইতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়াম আরব সাগরের পাশেই। ফলে ঝড়-বৃষ্টির প্রভাব সেখানে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
চলমান আইপিএলে একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। কলকাতার বিদায় নিশ্চিত হয়ে গেছে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায়। একই শঙ্কা রয়েছে মুম্বাই ও দিল্লির ম্যাচেও। সেক্ষেত্রে কপাল পুড়বে দিল্লি ক্যাপিটালসের।
মঙ্গলবার (২০ মে) বৃষ্টির কারণে রাত সাড়ে ৮টা নাগাদ অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। মাঠ ঢেকে দেওয়া হয়েছে। ওয়াংখেড়ের আলোও নিভিয়ে দেওয়া হয়েছে। বুধবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আশার খবর হলো, বৃষ্টির কথা মাথায় রেখে মঙ্গলবার (২০ মে) থেকে আইপিএলের প্রতিটি ম্যাচে বাড়তি এক ঘণ্টা সময় ধরে রাখা হয়েছে। এমনিতেই যে সময়ে খেলা শেষ হওয়ার কথা তার থেকে এক ঘণ্টা সময় বেশি ধরে রাখা হয়। সেটা আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
প্লে-অফের জায়গা খালি আছে একটি। ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করে ফেলেছে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। বাকি একটি জায়গার জন্য লড়ছে মুম্বাই ও দিল্লি।
আজ (২১ মে) মুম্বাই-দিল্লির ম্যাচ ভেস্তে গেলেও সুযোগ থাকবে দু’দলের কাছে। তাদের আরও একটি করে ম্যাচ বাকি থাকবে। তবে সে ক্ষেত্রে মুম্বাইয়ের ক্ষতি। কারণ, দিল্লিকে হারাতে পারলে তাদের প্লে-অফ পাকা হয়ে যাবে।