বন্ধুকে মারধর ও হুমকির অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভকে ফোন কলে মিরপুর এক নম্বরে ডেকে আনার পর শারীরিকভাবে প্রহারের পাশাপাশি দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। এরপর মিরপুর মডেল থানায় অভিযোগ করেন সৌরভ।
দেশের সংবাদমাধ্যম দ্বারা বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানতে পারেন তাসকিনের নামের সাধারণ ডায়েরির বিষয়টি। তদন্তের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, তাসকিনের বিরুদ্ধে থাকা এই অভিযোগ সত্য। তবে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দিতে রাজি হননি থানার দায়িত্বশীল কোন কর্মকর্তা।
উল্লেখ্য, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।