ফ্র্যাঞ্চাইজি লিগের জোয়ার এখন বিশ্বব্যাপী। ক্রিকেটের প্রতি দর্শকদের উন্মাদনা ও উত্তেজনা বৃদ্ধিতে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগের মতো আয়োজিত হয় টি-টেন লিগও। ক্রিকেট বিশ্বের অনেক দেশই ক্ষুদ্র এই সংস্করণের লিগের আয়োজন করে থাকে।
টি-টোয়েন্টির চেয়ে মারকুটে ব্যাটিং দেখা যায় টি-টেনে। যেমন ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে এক ওভারে এসেছে ৪৫ রান। যে রান তুলেছেন আফগানিস্তানের ব্যাটার উসমান গনি। অবিশ্বাস্য হলেও সত্য যে, ৪৫ রান এসেছে কেবল এক ওভারেই।
লন্ডন কাউন্টি ক্লাব ও গিল্ডফোর্ডের ম্যাচে ঘটেছে এমন ঘটনা। লন্ডনের হয়ে মাঠে নেমে এই তাণ্ডব চালিয়েছেন উসমান গনি। গিল্ডফোর্ডের উইল এর্নির এক ওভারে ৫ ছক্কা ও ৩ চারে এই রান করেছেন তিনি। একটি চার এসেছে অতিরিক্ত ওয়াইড থেকে। এর্নি ওভারটি শেষ করেছেন ৯ বলে।
৯ বলের ওভারে দুটি নো বলে একটি করে চার–ছক্কা হাঁকান উসমান। সবমিলিয়ে মারেন ৫ ছক্কা ও ২টি চার।
কেবল এর্নির ওভারেই মেরেছেন এমনটা ন। পুরো ম্যাচেই তিনি বেধড়ক পিটিয়েছেন প্রতিপক্ষের সব বোলারকেই। সবমিলিয়ে ১৭ ছক্কা ও ১১ চারে খেলেন ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস। যেখানে স্ট্রাইকরেট ছিল ৩৫৫.৮১।
উসমানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়েন উসমানরা।
নিলয়/