নিয়মিত ভালো পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়া কাপেও। মায়ানমারে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে দারুণ পারফরম্যান্সের পর র্যাঙ্কিংয়েও সুখপর পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ফিফার প্রকাশিত নারী ফুটবল র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১০৪তম স্থানে উঠে এসেছে ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে।
+৮০.৫১ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের মেয়েদের। এবারের হালনাগাদে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ।
সবশেষ জুনা মায়ানমার সফরের সময় ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। বাহরাইন, মায়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখায় পিটার বাটলারের দল।
দেশের নারী ফুটবলের ইতিহাসে ফিফা র্যাঙ্কিংয়ে এর আগে ১০০তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। ২০১৩ ও ২০১৭ সালে দুবার ঠিক এই অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের কাছে হেরে বাহরাইন ১৯ ধাপ পিছিয়ে নেমেছে ১১১ তম স্থানে। মায়ানমারও পিছিয়েছে এক ধাপ, ৫৬তম অবস্থান তাদের।