সকাল-সকাল জাতীয় স্টেডিয়ামে এসে হাজির জাতীয় দলের ক্রিকেটাররা। যেখানে মূল লক্ষ্য অ্যাথলেটিকস টার্ফে ফিটনেস টেস্ট দেওয়া। এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা।
রবিবার (১০ আগস্ট) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলেছে ফিটনেসের টেস্ট।
দুই ভাগে বিভক্ত হয়ে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়েছে। প্রথমে ১১ জন এবং পরেরবার ১৫ জন দিয়েছেন ফিটনেসের পরীক্ষা। জানা গেছে, প্রথম ভাগে প্রথম হয়েছেন নাহিদ রানা আর পরেরটিতে তানজিম হাসান সাকিব।
জাতীয় স্টেডিয়ামে আসার পর ওয়ার্মআপ বিরতিহীন ১ হাজার ৬০০ মিটার দৌড়েছেন ক্রিকেটাররা। নাহিদ রানার সময় লেগেছে ৫ মিনিট ৩১ সেকেন্ড, আর তানজিম দৌড় শেষ করেছেন ৫ মিনিট ৫৩ সেকেন্ডে।
ফিটনেস টেস্টের জন্য যে বেঞ্চমার্ক ঠিক করা হয়েছে, সেখানে ৫ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত ধরা হয় এলিট। এরপরত থেকে ৬ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত কম্পিটেন্ট বা সন্তোষজনক।
তবে যিনি এরচেয়েও বেশি সময় ব্যয় করবেন, তাকে ধরা হবে লিমিটেড হিসেবে। ওই হিসেবে এবার জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে একমাত্র এলিট নাহিদ রানা।
দুয়েকজন ছাড়া প্রায় সবাই সন্তোষজনকভাবে উতরে গেছে ফিটনেস টেস্ট। মিরপুরে দুই ফিটনেস ক্যাম্পের পর জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে এই ফিটনেস পরীক্ষা দিলেন ক্রিকেটাররা।
যদিও তাতে ছিলেন না টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। অস্ট্রেলিয়া সফরের কারণে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ‘এ’ দলের সদস্যরাও ছিলেন না।
ছিলেন টেস্ট দলের বেশকিছু নিয়মিত মুখ সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, হাসান মুরাদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, অমিত হাসান ও পেসার এনামুল হককে।
নিলয়/