বরাবরই গৌতম গম্ভীর একজন ফরোয়ার্ড লুকিং কোচ। আগত দিন বিবেচনা করে যেকোনো সিদ্ধান্ত নিতে পছন্দ করেন তিনি। একইভাবে এশিয়া কাপে ঝুঁকি না নিয়ে শক্তিশালী দল নামানোর পক্ষে তিনি। এই আসরটি হতে যাচ্ছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।
সেই প্রস্তুতির আসরে শুভমান গিলের দলে থাকার সম্ভাবনা যেন ক্রমেই কমে আসছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, টপ অর্ডারে বিকল্পের ভিড়ে টেস্ট অধিনায়কের হয়তো থাকতে হবে গ্যালারিতে।
কেবল গিল নয় টেস্ট দলের নিয়মিত মুখ ও পারফর্মার লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়ালও বাদ পড়তে পারেন। তবে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিসিআই।
বার্তাসংস্থা পিটিআই বিসিসিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে, আসন্ন এশিয়া কাপে বড় পরিবর্তনের কথা ভাবছেন না কোচ গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর। ব্যাটিং অর্ডার প্রায় নিশ্চিত হয়ে গেছে।
বর্তমানে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ইনিংস উদ্বোধন করছেন অভিষেক সর্মা ও সঞ্জু স্যামসন। অধিনায়ক সূর্যকুমার যাদব তিনে ও চার নম্বরে তিলক বর্মা, পাঁচে খেলেছেন হার্দিক পান্ডিয়া।
এই অবস্থায় গিল, রাহুল ও যশস্বীর জন্য জায়গা বের করাটা কঠিন। বিসিসিআইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অভিষেক এখন টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার। সঞ্জু দুর্দান্ত ফর্মে আছে, উইকেটরক্ষক হিসেবেও সেরা। সূর্য অধিনায়ক, তিলকও নিজেকে প্রমাণ করেছে। তাই শুবমানের সুযোগ নেই বললেই চলে। যশস্বীকেও রাখা কঠিন, রাহুলও টপ অর্ডারের ব্যাটার—কিন্তু ওই জায়গা এখন পূর্ণ।’
চলমান আগস্ট মাসের ১৯ বা ২০ তারিখের দিকে ভারতের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ক্রিকেটারদের ফিটনেস রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।
নিলয়/