২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেটিং বিতর্কে নাম জড়ানোর অভিযোগে ভারতের দুই মিডিয়া ও এক সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।
গতকাল (১১ আগস্ট) এক দশকেরও বেশি সময় পর মাদ্রাজ হাইকোর্ট এই মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।
মাদ্রাজ হাইকোর্ট ১০০ কোটি টাকার মানহানির মামলা করায় ধোনির বক্তব্য রেকর্ড করতে প্রস্তুত। ধোনির বক্তব্য রেকর্ড করার জন্য বিচারপতি সিভি কার্তিকেয়ন একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করেছেন।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক অবশ্য সরাসরি উপস্থিত হচ্ছেন না। বড় ভক্তকূলের কারণে তিনি উপস্থিত হলে বিশৃঙ্খলা হতে পারে। ধোনি মামলা দ্রুত নিষ্পত্তিতে আগ্রহী।
ভারতের সাবেক অধিনায়কের পক্ষে সিনিয়র আইনজীবী পি.আর. রমনের মাধ্যমে জমা দেয়া এক হলফনামায় বলা হয়, ‘এই অনুরোধ কেবলমাত্র মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এবং ন্যায়সংগত ও নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়াকে সহায়তা করতেই করা হয়েছে।’