দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই আসরকে ঘিরে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খানকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৭ সদস্যের স্কোয়াড।
ইদানিংকালে ক্রিকেটে বড় আসরের স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে বৈচিত্র্য আনার চেষ্টা থাকে সব দলের। আফগানিস্তান যেমন ভিন্ন আঙ্গিকে ঘোষণা করেছে তাদের এশিয়া কাপ স্কোয়াড।
বড় বড় দালানের ছাদ বেয়ে নেমে আসছে বড় বড় ব্যানার, সেখানে দেখা যাচ্ছে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ছবি ও নাম। এভাবেই ঘোষণা করা হয়েছে ১৭ সদস্যের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে। স্কোয়াডে রাখা হয়েছে ৩ রিজার্ভ ক্রিকেটারকেও।
এশিয়া কাপ দিয়ে দলে ফিরেছেন পেসার নভীন উল হক। সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে তিনি আফগানদের স্কোয়াডে ছিলেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন স্পিনার আল্লা গজনফরও।
স্কোয়াডে রাখা হয়েছে ৬ অলরাউন্ডারকে। তিন স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ ও রশিদ খানের সঙ্গে তিন পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত ও গুলবদিন নাইবকে রাখা হয়েছে।
ধারাবাহিকভাবেই আইসিসি আসরগুলোতে ভালো করছে আফগানিস্তান। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে একেবারে খুব কাছাকাছি থাকার পরও পা রাখতে পারেনি সেমিতে। সেই আক্ষেপ মিটিয়েছে দলটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পা রেখে।
আফগানিস্তানের স্পিন ও পেস দুদিকেই দারুণ প্রতিভা। বিশেষ করে তাদের স্পিন আক্রমণ টি-টোয়েন্টি সংস্করণে সামাল দেওয়া সহজ নয়। তাই এবারের এশিয়া কাপে নিশ্চিতভাবেই তাদের সমীহ করে চলতে হবে বাকি দলগুলো।
এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। ৯ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলবেন রশিদরা।
এশিয়া কাপের আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাঈ, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লা গাজানফার, নুর আহমেদ, ফরিদ মালিক, নবীন উল হক এবং ফজলহক ফারুকি।
নিলয়/