আন্তর্জাতিক সব সংস্করণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাতার চেতেশ্বর পূজারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ (২৪ আগস্ট) অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অবসরের ঘোষণা দেন তিনি।
অবসরের পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতের জার্সি গায়ে চাপিয়ে, জাতীয় সঙ্গীত গেয়ে, এবং প্রতিবার মাঠে নামার সময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি – এ যে কতটা অর্থবহ ছিল, তা শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন। কিন্তু যেমনটা বলা হয়, সব ভালো কিছুরই একদিন শেষ হয়, এবং গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভারতের টেস্ট ক্রিকেট এক নির্ভরযোগ্য নাম ছিলেন চেতেশ্বর পূজারা। দেশে কিংবা দেশের বাইরে টেস্ট ক্রিকেটে ভারতের ব্যাটিং অর্ডারের প্রাচীর হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি দিনের পর দিন। চাপ সামাল দিয়ে ইনিংস মেরামতে যার ছিল বিশেষ খ্যাতি।
২০১৮-১৯ সালে তিনি অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনিতে তিনটি সেঞ্চুরি করেন — ফলে ভারত প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পায়। দুই বছর পরের সফরটি তার অদম্য মানসিকতার প্রতীক হয়ে ওঠে, যেখানে তিনি প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্কের মতো বোলারদের বিপক্ষে চারটি টেস্টে মোট ৯২৮টি বল খেলেছিলেন।
২০১০ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে তার অভিষেক ঘটে ভারতের ক্রিকেটে। এরপর ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত খেলেছেন ১০৩ টেস্ট। ৭ হাজার ১৯৫ রান আছে তার নামের পাশে। ১৯৬ শতকের পাশে ৩৫টি অর্ধশতকও হাঁকিয়েছেন। দেশের মাটিতে তার ব্যাটিং গড় ৫২.৫৮। রান করেছেন ৩ হাজার ৮৩৯। ওয়ানডে খেলেছেন মাত্র ৫টি। কখনো ভারতের জার্সিতে নামা হয়নি টি-টোয়েন্টিতে।
নিলয়/