নারায়ণগঞ্জের বন্দর এলাকার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন আজমান থেকে এসেছেন দুবাইয়ে। একটু পরপরই আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের আপডেট দেখছিলেন। কিন্তু হঠাৎ করে ইন্টারন্টে শেষ হয়ে যাওয়াতে আর খেলার আপডেট নিতে পারছিলেন না। তখন সঙ্গে থাকা অন্যজনের কাছ থেকে জেনে নিচ্ছিলেন ম্যাচের আপডেট। আফগানিস্তান যখন ৮ উইকেটে ১৬৯ রান করে তখন মন খারাপ হয়ে যায় শ্রীলঙ্কা এই রান অতিক্রম করতে পারবে না মনে করে। কিন্তু শ্রীলঙ্কার ইনিংস শুরু হওয়ার পর ক্রমেই আশাবাদী হয়ে উঠতে থাকেন। তারপর কুশল মেন্ডিসের বাউন্ডারি থেকে যখন শ্রীলঙ্কার জয় নিশ্চিত হয়, তখন যেন চিন্তামুক্ত হন তিনি।
এদিকে সিলেটের হাসান ফোন করে জানান, ভাই আমরা সুপার ফোরে গেছি। এবার বাংলাদেশের খেলা দেখতে যাব। আগের দিন এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন বাংলাদেশ যদি সুপার ফোরে যেতে না পারে, সেটি হবে দুবাই আসার পর বাংলাদেশের প্রথম কোনো খেলা না দেখা। বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি অনলাইনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার টিকিট নিশ্চিত করেন। সঙ্গে আরও কয়েকজনের টিকিটও তিনি নিশ্চিত করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করে থাকেন। তাদের মাঝে ক্রিকেট নিয়ে বেশ আগ্রহ আছে। এর আগে যখনই বাংলাদেশ দল খেলতে এসেছে, মাঠে দর্শক উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এবার তো বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত এসেও যেন তাদের কাছে দূরে ছিল। কারণ বাংলাদেশের সব খেলাই ছিল আবুধাবিতে। সুপার ফোরে ওঠায় এখন আবার সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ফাইনাল খেলাও অনুষ্ঠিত হবে দুবাইয়ে। বাংলাদেশ সুপার ফোরে ওঠার পর প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচে দর্শক খরা থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আবার দর্শক উপস্থিতি ছিল ব্যাপক। দিনটি আবার সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) হওয়াতে প্রতিপক্ষ শ্রীলঙ্কার কারণে দর্শক উপস্থিতি বেশি ছিল। আজও সেই শ্রীলঙ্কা, আবার সেই সাপ্তাহিক ছুটির দিন (শনিবার) হওয়াতে দর্শকের ঢল নামবে। অন্তত দুবাইয়ের দেরা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলাপ করে সে রকম আভাসই পাওয়া গেছে।
বরিশালের হান্নান একটি হোটেলে চাকরি করেন। তার সাপ্তাহিক ছুটি পড়েনি। কিন্তু দিনের শিফটে ডিউটি হওয়াতে তিনি রাতে যাবেন খেলা দেখতে। তিনি আশা করছেন এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। তিনি বলেন, ‘এবার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। যেভাবে অনেক হিসাব মিলিয়ে সুপার ফোরে এসেছে, তাতে মনে হচ্ছে সামনে ভালো কিছু অপেক্ষা করছে। পাশেই দাঁড়ানো নোয়াখালীর রাজ্জাক যোগ করে বলেন, ‘এবার বাংলাদেশের প্রস্তুতি বেশ ভালো। টানা বেশ কয়েকটি ম্যাচ জিতে এসেছে। যেখানে পাকিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও জয় আছে। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও ভালো খেলেছে। এভাবে খেললে আশা করি অবশ্যই চ্যাম্পিয়ন হবে।’
দুবাই আসার পর শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ পর্যন্ত চাপে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা দুই দিন অনেকটা হোটেলবন্দিই ছিলেন। আফগানিস্তানের হারে চিন্তা দূর হয়ে যাওয়ার পর আবার তারা গা-ঝাড়া দিয়ে উঠেছেন। প্রবাসীদের উন্মাদনা আর খেলোয়াড়রা নিজেদের নতুন করে ফিরে পাওয়ার মাঝে পেসার তাসকিন আহমেদের সামনে আছে উইকেট পাওয়ার সেঞ্চুরির হাতছানি। ১০০ উইকেট থেকে তিনি মাত্র ২ উইকেট দূরে। এবারের আসরে দুটি ম্যাচ খেলে দুটি করে মোট চারটি উইকেট পেয়েছেন। হংকংয়ের বিপক্ষে ৩৮ রান দিলেও আফগানিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রান দিয়েছিলেন ৩৪। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তিনি খেলেননি।
তাকে বিশ্রাম দিয়ে খেলানো হয়। আজকের ম্যাচ যদি তিনি খেলেন আর দুই উইকেট নিতে পারেন, তাহলে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে তিনি ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন। তিনি এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৮০টি। তার আগে ১০০ উইকেট নিয়েছেন প্রথমে সাকিব আল হাসান, পরে মোস্তাফিজুর রহমান। সাকিব ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে ক্যারিয়ারের ইতি টেনেছেন। মোস্তাফিজ ১১৬ ম্যাচ খেলে ১৪৬ উইকেট নিয়ে সাকিবকে টপকে যাওয়ার অপেক্ষায় আছেন। এই আসরেই তার সাকিবকে টপকে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দেড় শ উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করার সুযোগ রয়েছে। গ্রুপপর্বের সব কটি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন চারটি। আফগানিস্তানের বিপক্ষে তিনি ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এখন দেখার বিষয় দর্শকদের প্রত্যাশা আর তাসকিন-মোস্তাফিজের মাইলফলক কতটা পূর্ণ হয়।
পলাশ/নিলয়/