এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
গতকাল বুধবার বাংলাদেশ ভারতের কাছে হারায় এই ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। যারাই জিতবে তারাই যাবে ফাইনালে। আগামী ২৮ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পরাজয়ে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।
ভারতের সঙ্গে ম্যাচটি জিততে পারলে আজ বাংলাদেশ অনেকটা ফুরফুরে মেজাজে থাকতে পারত। কিন্তু তা হয়নি। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার টার্গেট ছুঁতে পারলেও এদিন পারেনি বাংলাদেশ। অথচ দুই ম্যাচেই লক্ষ্য ছিল একই, ১৬৯। এদিনও সাইফ হাসান খেলেন দারুণ ইনিংস। কিন্তু হয়নি কোনো বড় জুটিই। ফলে হারতে হয় ৪১ রানের ব্যবধানে।
আজ পাকিস্তানের সঙ্গে জিততে হলে বড় জুটির বিকল্প নাই। সুপার ফোরে টানা দুই ম্যাচেই ফিফটির দেখা পেয়েছেন ওপেনার সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১। ভারতের বিপক্ষে ৩৭ বলে ৭৫; আরও আক্রমণাত্মক। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ ৫০ রানের ওপরে জুটি গড়েছিল তিনটি। ভারতের বিপক্ষে বড় জুটিই মাত্র ৪২ রানের। পাকিস্তানের বিপক্ষে আজ বড় জুটি না হলে ফাইনালের স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে।
ফাইনাল খেলতে মরিয়া হয়ে আছে পাকিস্তানও। তাদের চোখে প্রতিশোধের আগুন। ফাইনালে দলটি ভারতকে হারাতে মরিয়া। সে লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে মাস্ট উইন ম্যাচ চাইবে তারা।
যদিও ম্যাচের আগের দিন প্রতিপক্ষকে নিয়ে আলোচনায় আসলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ। এক যুগের বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল পরিচিত ‘টাইগার’ নামে, যা অবশ্য অজানা ছিল শাহিন আফ্রিদির। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে টাইগার প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ‘টাইগার কারা? জবাবে সেই সাংবাদিক বলেন, বাংলাদেশ। তখন শাহিন বলেন, ‘ওহ আচ্ছা, দুঃখিত। জানতাম না।’
টাইগার সম্পর্কে ধারণা না থাকলেও বাংলাদেশের বিপক্ষে লড়াইকে শাহিন শাহ আফ্রিদি গুরুত্ব দিয়ে দেখছেন। কারণ গত চার মাসে পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজ হারানো একমাত্র দল বাংলাদেশ। আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে। এমন দলের বিপক্ষে খেললে শুরুতেই আঘাত হানতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না। তিন বিভাগেই আমাদের সেরাটা দিতে হবে যদি সামনে এগোতে চাই।’
চঞ্চল/নিলয়/