সবশেষ তিন আইসিসি ইভেন্টের দুটিতেই সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এরপর থেকেই আফগানিস্তান ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল’ এমন রব ওঠে। এশিয়া কাপের আগে আরব আমিরাতে হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ক্যাপ্টেন’স মিটে উপস্থাপিকা আফগানিস্তানকে ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল’ হিসেবে পরিচয় করিয়ে দেন।
এশিয়া কাপে বড় আশা নিয়েও হতাশ করেছে আফগানরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হতে হয়েছে। এমন ভরাডুবির পর সংবাদ সম্মেলনে আফগানিস্তানের কোচ জোনাথান ট্রট অকপটে স্বীকার করে নিলেন যে ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল’ তকমাটি প্রযোজ্য নয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগান কোচ জোনাথন ট্রট বলেন, ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল? সত্যি বলতে, আমরা বর্তমানে সেই অবস্থানে নেই। সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমের সব আলোচনা সবসময় সঠিক হয় না। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমার লক্ষ্য দলকে সেরা বানানো, দ্বিতীয় সেরা নয়। কিন্তু সেজন্য আমাদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজে আফগানিস্তান দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি ট্রট। এক্ষেত্রে কোনো অজুহাত না দিয়ে দল ভালো করতে পারেনি স্বীকার করে নিলেন। তবে অধিনায়ক রশিদ খানের নেতৃত্বের প্রশংসা করেন তিনি।
আগামী ৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
নিলয়/