আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশের আঘাত এখনো টাটকা। এর মধ্যেই আবার নতুন চ্যালেঞ্জ সামনে বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিরিজের আগে গতকাল ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ দল। নতুন মুখ হিসেবে প্রথমবার ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরেছেন অভিজ্ঞ সৌম্য সরকার। বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও তরুণ পেসার নাহিদ রানা।
ওয়ানডে দলে প্রত্যাবর্তনের পর এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন নাঈম। দুই বছর পর ওয়ানডেতে ফিরে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন মাত্র ৭ রান। অন্যদিকে, নাহিদ রানা তার ওয়ানডে অভিষেক ম্যাচে গতির ঝড় তুললেও (১৫০ কিমি পেরিয়েছিলেন একাধিকবার) ছিলেন উইকেটশূন্য। ৮.২ ওভারে দিয়েছিলেন ৫৬ রান। এ দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন দুই ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ও সৌম্য সরকার।
২৬ বছর বয়সী মাহিদুল মিডল অর্ডারের ব্যাটসম্যান ও উইকেটকিপার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ৯৬ ম্যাচে করেছেন ৩ হাজার ৪৬৮ রান। চার সেঞ্চুরি ও ২৮ ফিফটি, গড় ৪৪.৫৩। গত মে মাসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’-এর বিপক্ষে ১০৫ ও অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। অন্যদিকে প্রায় এক যুগের ক্যারিয়ারে ৭৬ ওয়ানডে খেলা সৌম্য সরকার আবারও ফিরে এসেছেন দলে।
বাংলাদেশ স্কোয়াডে এখন পেসার চারজন; তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ। স্পিন আক্রমণে থাকছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ও তানভির ইসলাম।
গতকাল যদিও কোনো দলীয় অনুশীলনের সূচি ছিল না, তবু মিরপুরে দেখা গেল এক চেনা মুখ; ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামিকে। দুপুরে ব্র্যান্ডন কিং ও আলিক আথানাজেকে নিয়ে মাঠে আসেন তিনি। একাডেমি মাঠে দুজনকে নিয়ে থ্রোডাউন সেশন চালান। থ্রোয়ারদের নির্দেশনা দেন নিজ হাতে, বল ছুড়ে দেখিয়ে দেন লেংথ ঠিক করার কৌশল। এমন দৃশ্য দেখে মনে হচ্ছিল, এখনো মাঠে নামলে পারফর্ম করতে পারেন এই দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক!
নেট সেশন শেষে স্যামি চলে যান মূল মাঠে, পরিদর্শন করেন ম্যাচের সম্ভাব্য উইকেট। দুটি সেন্টার উইকেটের একটিতে খানিক ঘাস, অন্যটি তুলনামূলক শুষ্ক। নিচু হয়ে ঘাসের ঘনত্ব দেখলেন, সফট বল দিয়ে বাউন্স পরীক্ষা করলেন। মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি।
বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের সঙ্গেও কথা বলেন স্যামি। উইকেটের গতি ও বাউন্স নিয়ে দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।
সবশেষ আন্তর্জাতিক ম্যাচের ৮৬ দিন পর শনিবার ফের আলোয় ভাসবে মিরপুর স্টেডিয়াম। তিন ম্যাচের সিরিজের পরের দুটি ওয়ানডে হবে ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে। এখন শুধু অপেক্ষা; সবুজ মিরপুরে টাইগার ও ক্যারিবীয়দের লড়াই শুরুর।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন।