ক্রীড়া এবং ভূ-রাজনীতির এক জটিল সমীকরণে আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমের স্কোয়াড থেকে বাংলাদেশের পেস আক্রমণের মূল ভরসা মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কেকেআরকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই নির্দেশনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্রমবর্ধমান জনরোষ ও রাজনৈতিক চাপের মুখে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। খবর এনডিটিভি
প্রাথমিকভাবে বিসিসিআই ‘অপেক্ষা করো এবং দেখো’ নীতিতে থাকলেও, সাইকিয়া উল্লেখ করেছেন যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যকার অবনতিশীল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশে চলমান অস্থিরতাকে নির্দেশ করছে, যা ভারতেও প্রতিবাদের জন্ম দিয়েছে।
ডিসেম্বরের নিলামে রেকর্ড ৯.২০ কোটি টাকার বিনিময়ে কেকেআর মোস্তাফিজর রহমানকে দলে নেওয়ার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়।
ভারতের সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে সাইকিয়া বলেন, ‘চতুর্দিকের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও জানিয়েছে যে, তারা যদি কোনো বদলি খেলোয়াড় চায়, তবে বোর্ড তার অনুমতি দেবে।’
কেকেআর-এর ওপর বিসিসিআই-এর নির্দেশনার প্রভাব
মোস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার এই নির্দেশনা কেকেআর-এর জন্য একটি বড় ধরনের কৌশলগত এবং আর্থিক ধাক্কা। ৯.২০ কোটি টাকা খরচ করে কেকেআর তাকে মূলত তাদের প্রধান ‘ডেথ-ওভার স্পেশালিস্ট’ হিসেবে পরিকল্পনা করেছিল। ইডেন গার্ডেন্সের ধীরগতির পিচে তার বিশ্বমানের ‘কাটার’ এবং বাঁ-হাতি অ্যাঙ্গেল দলের বোলিং আক্রমণে যে বৈচিত্র্য আনত, তা অন্য কাউকে দিয়ে পূরণ করা কঠিন। মৌসুম শুরুর এই সন্নিকটে তাকে হারানোয় বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি হলো, যা শেষ ওভারগুলোতে মাথিশা পাথিরানার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
হুমকির মুখে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ
ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত বছর একটি সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত শুক্রবার জানিয়েছে যে, এই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে সিরিজটি অনুষ্ঠিত হবে, কিন্তু বিসিসিআই-এর পক্ষ থেকে এখনো সূচি নিয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
সুমন/