ভারতকে উড়িয়ে আসর শুরু করলেও ভুটানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হলো বাংলাদেশকে। দুই গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কাতেই পড়ে গিয়েছিল দল। তবে সাবিনা খাতুনরা হাল ছাড়েনি। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ড্রয়ে এক পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।
শনিবার (১৭ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচটি ৩-৩ ড্র হয়। সুবাদে সাফ নারী চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে সাঈদ খোদারাহমির দলের পয়েন্ট দাঁড়াল ৪।
ভারতকে ৩-১ গোলে হারানোর তাজা স্মৃতি নিয়ে মাঠে নামলেও এদিন শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটে ডেকি লাজম গোল করে ভুটানকে এগিয়ে দেন। তবে দুই মিনিট পরই মাতসুশিমা সুমাইয়ার দারুণ এক গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
খেলার প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। তবে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে ভুটান। ২৭ ও ৩০ মিনিটে দুটি গোলই করেন সোনম লাহমো। ৩-১ গোলে পিছিয়ে পড়লেও বাংলাদেশ হাল ধরেনি। সাবিনা-সুমাইয়ারা ম্যাচে ফিরতে মরিয়ে হয়ে উঠেন। ৩৫ মিনিটে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে গোল আদায় করেন সাবিনা। পরের মিনিটেই মাছুরা পারভীনের গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। বাকি সময়ে আর গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও বাংলাদেশের পোষ্টের নিচে দুর্দান্ত ছিলেন গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি। একাধিক গোল হজম থেকে দলকে বাঁচিয়েছেন তিনি।
সুমন/