আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড ক্রিকেট দল। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ক্রিকবাজ লিখেছে, শনিবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, যখন আইসিসি সিইও সঞ্জোগ গুপ্তা আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে চিঠি লিখে জানান যে- বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বোর্ডের সব সদস্যকে পাঠানো ওই চিঠিতে গুপ্তা উল্লেখ করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানছে না। বড় এই ইভেন্টের জন্য বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো উপায় নেই।
চিঠির কপি স্বাভাবিকভাবেই বিসিবি সভাপতি আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে, যিনি আইসিসি বোর্ডের একজন সদস্য।
ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কাছ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড এখন প্রতিযোগিতার প্রাথমিক পর্বে গ্রুপ সি-তে থাকবে এবং কলকাতায় তারা ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি) ও ইংল্যান্ডের (১৪ ফেব্রুয়ারি) বিপক্ষে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে।
অনিক/