জাতীয় দলের বাইরে অনেকদিন। তবে সাবিনা খাতুন হারিয়ে যাননি। নিজেকে প্রমাণ করে চলেছেন নিয়মিত। কয়েক দিন আগেই ফুটসাল দলের হয়ে সাফ শিরোপা জিতেছেন। তবে নিজেকে যতই প্রমাণ করে যান এই ফরোয়ার্ড, জাতীয় ফুটবল দলে তার দুয়ার কিছুতেই খুলছে না। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডেও তাকে রাখেননি ইংলিশ কোচ পিটার বাটলার।
এশিয়ান কাপ উপলক্ষ্যে বুধবার (২৮ জানুয়ারি) রাতে ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই স্কোয়াডে সাবিনা ছাড়াও কৃষ্ণা রানী সরকার, মাছুরা পারভীন, মাতসুসিমা সুমাইয়া, নিলুফার ইয়াসমীন নীলাদেরও জায়গা হয়নি। গত বছর যে ১৮ ফুটবাল বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাদের অন্যতম এই পাঁচ ফুটবলার।
যদিও বাফুফের মধ্যস্থতায় খেলোয়াড়রা বিদ্রোহের ইতি টেনেছেন আগেই। ‘বিদ্রোহিদের’ অনেকে জাতীয় দলেও ফিরেছেন। কিন্তু সাবিনা-কৃষ্ণাদের দুয়ার খুলছে না। ফুটবল বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এশিয়ান কাপের মতো আসরে সাবিনা-কৃষ্ণার মতো অভিজ্ঞদের দলে ফেরানো প্রয়োজন।
এদিকে প্রাথমিক স্কোয়াডে একজন প্রবাসী ফুটবলারকে রাখা হয়েছে। তিনি সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। এরই মধ্যে ক্যাম্পেও যোগ দিয়েছেন তিনি।
এশিয়ান কাপ উপলক্ষ্যে আজ থেকেই জাতীয় দলের আনুষ্ঠানিক প্রস্ততি শুরু হয়েছে। দলের একটি অংশ অবশ্য সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজই নেপাল গেছে। ইংলিশ কোচ পিটার বাটলারও সেই দলের অংশ হয়েছেন।
তোফায়েল/