অনেকেই আশা করেছিলেন পাকিস্তান শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে, কিন্তু শেষ পর্যন্ত ‘মেন ইন গ্রিন’কে ৬১ রানে হারিয়ে আরও একবার হতাশ করল ভারত।
ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্সের নানা দিকেই ঘাটতি ছিল। টসে সিদ্ধান্ত থেকে শুরু করে তারকা খেলোয়াড়দের ব্যর্থতা, সব মিলিয়ে বড় মঞ্চে তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ নিয়ে সাবেক ও বিশ্লেষকদের সমালোচনার ঝড় উঠেছেন।
সাবেক পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি কাউকেই ছাড় দেননি। এমনকি নিজের মেয়ের জামাই শাহিন শাহ আফ্রিদিকেও কঠোর ভাষায় সমালোচনা করেন, যিনি ম্যাচে দুই ওভারে ৩১ রান দেন। শহিদ আফ্রিদি বলেন, দলের সমস্যার সমাধানে কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার। তার মতে, বাবর আজম, শাহিন শাহও শাদাব খানের মতো সিনিয়রদের দল থেকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত।
শহিদ আফ্রিদি বলেন, ‘আমাকে যদি সিদ্ধান্ত নিতে হয়, আমি শাহিনকে বসাতাম, বাবরকে বসাতাম, শাদাবকেও বসাতাম। নতুন ছেলেদের খেলাতাম, তরুণদের সুযোগ দিতাম। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তাদের ওপর আস্থা রাখতাম, আত্মবিশ্বাস দিতাম এবং নিয়মিত খেলাতাম।’
তিনি যোগ করেন, ‘আমরা বহুদিন ধরে এই খেলোয়াড়দের দেখছি। তারা বারবার সুযোগ পাচ্ছে। প্রতিবারই আশা করি, এমন দলের বিপক্ষে তারা ভালো খেলবে। তারা সিনিয়র খেলোয়াড়। যদি তারা পারফর্মই না করে, তাহলে বেঞ্চে বসে থাকা জুনিয়রদের খেলাতে সমস্যা কোথায়? বড় পার্থক্যই বা কী?’
অনিক/