বার্সেলোনার মাঠে ৩-০ গোলে হেরেও কোপা দেল রে’র ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ ব্যবধানে জয়ের সুবাদে পার পেয়ে গেছে মাদ্রিদের ক্লাবটি। ৪-৩ গোলের অগ্রগামিতায় ২০১৩ সালের পর প্রথমবারের মতো টুর্নামেন্টে ফাইনাল খেলার টিকিট কেটেছে আতলেতিকো।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে ফিরতি লেগে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বার্সা। চোটাক্রান্ত ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের জায়গায় একাদশে সুযোগ পাওয়া ১৮ বছর বয়সী মিডফিল্ডার মার্ক বের্নাল দুই অর্ধেই একটি করে গোল করেন। রাফিনহা পেনাল্টি থেকে জাল খুঁজে নেন।
ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে হলে চার গোলের প্রয়োজন ছিল বার্সার, যা আদায় করে নিতে শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিকরা। কিন্তু চতুর্থ গোলের দেখা মেলেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। তাদের রুখে দিতে ম্যাচ জুড়ে নিজেদের অর্ধে ডিফেন্সে মনোযোগী ছিল আতলেতিকো।
প্রতিপক্ষের জমাট রক্ষণে প্রথম ফাটল ধরান বের্নাল। ৩০ মিনিটে লামিনে ইয়ামালের পাস ধরে লক্ষ্যভেদ করেন তিনি। গোলের সুযোগ পেয়েছিল আতলেতিকোও। কিন্তু মার্কোস লরেন্তের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। পেদ্রি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা।
আপ্রাণ চেষ্টায়ও দ্বিতীয়ার্ধে শেষ রক্ষা হয়নি বার্সার। তাদের হতাশ করে ফাইনাল নিশ্চিতের আনন্দে মাতেন ডিয়েগো সিমিওনের শিষ্যরা। আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ এবং আথলেতিক বিলবাও। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে আছে সোসিয়েদাদ।
এদিকে ফাইনাল মিস করেও হতাশ নন বার্সা অধিনায়ক রাফিনহা। ম্যাচ শেষে মুভিস্টার প্লাসকে তিনি বলেন, ‘এমন একটি ম্যাচ আপনাকে আপনার দল নিয়ে ভীষণ গর্বিত করে। আমরা যদি এভাবে খেলতে থাকি, তাহলে মৌসুমের শেষটা দারুণ হবে। ম্যাচ শেষে যা ঘটেছে, তাতে সমর্থকরাও যে গর্বিত, তা স্পষ্ট।’
অনিক/