লম্বা সময় ধরেই মোহাম্মদ সালাহকে নিয়ে গুঞ্জন চলছে। বলা হচ্ছে, লিভারপুল থেকে মেজর লিগ সকারে (এমএলএস) যেতে পারেন তিনি। তবে মেসিদের লিগে না গিয়ে সালাহকে ইউরোপে থাকার পরামর্শ দিয়েছে মিসর ফুটবল দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান। তার মতে, এতে করে আলোচনার কেন্দ্র থেকে হারিয়ে যেতে পারেন এই তারকা ফরোয়ার্ড।
৩৩ বছর বয়সি সালাহ এখনও তার পরবর্তী গন্তব্য ঠিক করেননি। লিভারপুলে ৯ বছরের সফল সময়ে তিনি দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এমএলএস কমিশনার ডন গ্যার্বার জানিয়েছেন, তিনি সালাহকে লিগে দেখতে চান। তবে কোনো ক্লাব তাকে দলে ভেড়ানোর চেষ্টা করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
গুঞ্জনের মধ্যেই ইব্রাহিম হাসান বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই সে ইউরোপেই থাকুক। আমি পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং ইতালির ক্লাবগুলোর আগ্রহের কথা শুনেছি। মেজর লিগে গেলে সে আলোচনার বাইরে চলে যাবে। যেমন এখন আমি লিওনেল মেসিকে খুব একটা মনে করি না, এমনকি তার খেলা দেখার চেষ্টাও করি না।’
বার্সেলোনা ও পিএসজিতে সাফল্যের পর মেসি ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন এবং ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। ইব্রাহিম হাসান মনে করেন, যদি ইউরোপ থেকে ভালো প্রস্তাব না আসে, তাহলে সৌদি প্রো লিগ হতে পারে একটি ভালো বিকল্প। তিনি বলেন, ‘ইউরোপ থেকে প্রস্তাব না পেলে সৌদি লিগ ভালো অপশন হতে পারে, বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বড় তারকারা সেখানে খেলছেন।’
বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে আছেন সালাহ এবং উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে পারছেন না। মিসর দল গত শুক্রবার জেদ্দায় সৌদি আরবকে ৪-০ গোলে হারানোর পর সামনের মঙ্গলবার বার্সেলোনায় স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।
সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিসর বিশ্বকাপের ‘জি’ গ্রুপে রয়েছে। তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং ইরান।
অনিক/