কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে নতুন দিগন্ত উন্মোচন করল টেক জায়ান্ট মেটা। একসঙ্গে চারটি অত্যাধুনিক এআই মডেলের ঘোষণা দিয়েছে এই টেক জায়ান্ট। এর মধ্যে লামা ৪ (LLaMA) সিরিজের দুটি মডেল লামা ৪ স্কাউট (LLaMA 4 Scout) ও লামা ৪ ম্যাভেরিক (LLaMA 4 Maverick) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। আরও দুটি শক্তিশালী মডেল লামা ৪ বেহেমথ (LLaMA 4 Behemoth) ও লামা ৪ রিজনিং (LLaMA 4 Reasoning) শিগগিরই বাজারে আসবে বলে জানিয়েছে মেটা।
মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, লামা ৪ ম্যাভেরিক মডেলটি মূলত চ্যাটবট ও সাধারণ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহারের জন্য উপযোগী হবে। এটি টেক্সট ও ছবি বোঝার ক্ষেত্রে দক্ষ। অন্যদিকে তুলনামূলকভাবে হালকা স্কাউট মডেলটি বহুমাত্রিক ডকুমেন্টের সারসংক্ষেপ তৈরি, ব্যবহারকারীর বিস্তৃত কার্যকলাপ বিশ্লেষণ ও জটিল কোডভিত্তিক কাজ করতে পারে।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ দাবি করেছেন, লামা ৪ বেহেমথ বিশ্বের অন্যতম বুদ্ধিমান লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) হতে চলেছে। এ ছাড়া আগামী মাসে লামা ৪ রিজনিং নামে আরেকটি মডেলের ঘোষণা আসতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
দুটি মডেলই এখন মেটার এআই ইকোসিস্টেমে হয়েছে- হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ডিএমে ব্যবহার করা যাচ্ছে। একই সঙ্গে লামা ও হাগিং ফেস ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাচ্ছে স্কাউট ও ম্যাভেরিক। প্রযুক্তিগত দিক থেকে স্কাউট মডেলে রয়েছে ১৭ বিলিয়ন সক্রিয় প্যারামিটার ও ১৬টি এক্সপার্ট ইউনিট।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এটি দ্রুত গতিসম্পন্ন, মাল্টিমোডাল ও প্রায় ১০ মিলিয়ন টোকেন প্রসেস করতে পারে। এটিকে একটি জিপিইউতে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে।
অন্যদিকে ম্যাভেরিক মডেলে রয়েছে ১২৮টি এক্সপার্টসহ সমানসংখ্যক প্যারামিটার। মেটা দাবি করেছে, কোডিং, রিজনিং, বহু ভাষায় পারদর্শিতা, দীর্ঘ কনটেক্সট ও ছবি বিশ্লেষণে এটি জিপিটি-৪ও, জেমিনাই ২.০-এর মতো প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছে। এমনকি ডিপসিক ভি৩.১-এর সঙ্গে পাল্লা দিতে সক্ষম বলে জানিয়েছে মেটা।
বর্তমানে প্রশিক্ষণাধীন বেহেমথ মডেলটিকে ইতোমধ্যে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী বেস মডেল’ হিসেবে অভিহিত করছেন জাকারবার্গ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এতে ২৮৮ বিলিয়ন সক্রিয় প্যারামিটার রয়েছে। এসবের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে মেটার নিজস্ব এআই সম্মেলন ‘লামাকন’-এ, যা অনুষ্ঠিত হবে কয়েক সপ্তাহের মধ্যেই। মেটার এই নতুন পদক্ষেপ এআই প্রযুক্তির অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
/আবরার জাহিন
