ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন How to learn English বিষয়ক Writing Paragraph, ৩০তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: বাংলাদেশ ন্যাপ তারার দেশে সাইকেল যাত্রা মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ফাইনালে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও পুরস্কার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালি যৌক্তিক মূল্যে জ্বালানি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ফরিদপুরে আমের প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় ফুটবলার রহমত মিয়ার বিরুদ্ধে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি রামিসা হত্যা মামলার রায় রবিবার, হতাশ আছিয়ার মা ঢাকার পরিবেশ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি তিন মাসে অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ ভোলায় যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ভারতীয় সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, দিনাজপুরে বিজিবির বাধা কী করে বুঝবেন আপনি মেন্টালি ফিট মেসির চোট নিয়ে যা বললেন স্কালোনি হিলি সীমান্তে ভারতীয় ৫ নাগরিককে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি যে কারণে মুভি দেখব মহাকাশে যাচ্ছেন প্রথম শারীরিক প্রতিবন্ধী নভোচারী সময়ের সঙ্গে বদলান লিডারশিপ স্টাইল
Nagad desktop

সাক্ষাৎকার শুল্ক কমালে সরকার লাভবান হবে

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম
শুল্ক কমালে সরকার লাভবান হবে
বারভিডার সভাপতি ও হকস বে অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক। ছবি: সংগৃহীত

ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে সম্পূরক শুল্কের প্রভাব যোগ হয়েছে। গাড়ির দাম সহনীয় করতে হলে শুল্কে ছাড় দিতে হবে। অটোমোবাইলশিল্পের বর্তমান পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খবরের কাগজ কথা বলেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি এবং হকস বে অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হকের সঙ্গে।

খবরের কাগজ: রিকন্ডিশন্ড গাড়ির আমদানি শুল্ক কত ধার্য আছে?
আবদুল হক: ল্যান্ড ক্রুজার বা পাজেরোর মতো উচ্চমূল্যের রিকন্ডিশন্ড গাড়ির আমদানি শুল্ক ১ কোটি টাকার বেশি। মধ্যম ও কম দামি গাড়ির শুল্কও বেড়েছে। ফলে এসব গাড়ি মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। রিকন্ডিশন্ড গাড়ির বিক্রি বাড়াতে হলে শুল্ক কমিয়ে সমন্বয় করতে হবে। গাড়ি বিক্রি বাড়লে সরকারের রাজস্ব আয় বাড়বে। তাই শুল্ক কমালে সরকার লাভবান হবে।

খবরের কাগজ: অভিযোগ আছে, মিথ্যা তথ্য দিয়ে অনেকেই রিকন্ডিশন্ড ও নতুন গাড়ি আমদানি করে থাকেন। এ কাজে অসাধু ব্যবসায়ীরা জড়িত। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কী? 
আবদুল হক: সৎ-অসৎ সব জায়গায় সব ক্ষেত্রেই আছে। শুধু যে গাড়ি মিথ্যা ঘোষণায় আসছে তা ঠিক না, অনেক কিছুই মিথ্যা ঘোষণায় আসছে। এসব কাজ প্রকৃত ব্যবসায়ীরা করেন না। কারণ আমরা এক দিনের জন্য ব্যবসা করতে আসিনি। আমাদের সুনাম ধরে রেখে ব্যবসা করতে হবে। তাই প্রকৃত ব্যবসায়ীরা দুর্নীতি করেন না। তারা নিয়মকানুন মেনে ব্যবসা করেন। মিথ্যা ঘোষণা বন্ধে সরকারের নজরদারি বাড়াতে হবে। আমরা বারভিডার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করছি, ভবিষ্যতেও করব। মিথ্যা ঘোষণার মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে। এতে সব ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে। 

খবরের কাগজ: অর্থ পাচারের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত। আপনারা আমদানি-রপ্তানির ব্যবসায় জড়িত। অনেকেই আপনাদের খাতের দিকেও অভিযোগ করে। আপনি কী মনে করেন?
আবদুল হক: গত ১২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমরা দেখা করেছি। তিনি বললেন, একটি গোষ্ঠী ১০ বিলিয়ন ডলার পাচার করেছে। তাই যদি হয়, তাহলে গোটা রাষ্ট্রের রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার। একটি গোষ্ঠী যদি ১০ বিলিয়ন ডলার পাচার করে, তাহলে আরও যে গ্রুপ আছে, আরও যে গোষ্ঠী আছে, আরও ছোট ব্যবসায়ী আছে, যাদের মধ্যে কেউ ২৫ হাজার কোটি টাকা নিয়েছে ব্যাংক থেকে, কেউ ১০-১২ হাজার কোটি টাকা নিয়েছে, সেই হিসাবে জনগণের কাছে তো কিছুই নেই। লাখ লাখ ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী শূন্য হাতে বসে আছেন। 

গভর্নরের সঙ্গে আমি একমত যে মফস্বল অর্থনীতি বা গ্রামীণ অর্থনীতি যা-ই বলুন, সেটা কিন্তু বাঁচিয়ে রেখেছেন প্রবাসীরা। দেড় কোটি প্রবাসী যারা দেশের বাইরে থেকে তাদের মা, বাবা, স্ত্রী, ভাই বা স্বজনের কাছে টাকা পাঠাচ্ছেন, সে জন্য গ্রামের বাজারে আপনি আঙুর ফল, বেদানা বা কিশমিশ পাবেন। কিন্তু শিল্প বা শিল্পায়নের ক্ষমতা, ব্যবসা-বাণিজ্যে কিন্তু টাকা নেই। এখন টাকা কোত্থেকে আসবে? এত পরিমাণ টাকা নিয়ে গেছে তার পরিপূরক কোত্থেকে কেমন করে আসবে। টাকা ছাপিয়ে? তাহলে তো টাকা থাকবে, পণ্য মিলবে না। 

আমার ব্যক্তিগত অভিমত, বাংলাদেশে পাচারের ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। তাই শুধু রিকন্ডিশন্ড ব্যবসায়ীরা সবাই যে অর্থ পাচারে জড়িত, তা নয়। তবে আমাদের খাতের কেউ জড়িত আছেন কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। কারণ কয়েকজন দুর্নীতিবাজের কারণে সবাইকে ঢালাওভাবে দায়ী করা ঠিক না। 

খবরের কাগজ: সম্প্রতি অধ্যাদেশ জারি করে প্রায় ১০০ পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। অটোমোবাইল খাতে এসবের কি প্রভাব পড়েছে?
আবদুল হক: সরকারের এই সিদ্ধান্তের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে হাজারের বেশি পণ্যে খরচ বেড়েছে। এর ফলে সাধারণ মানুষকে অনেক বেশি দামে পণ্য কিনতে হবে।

/আবরার জাহিন

দীর্ঘ ভ্রমণের আগে গাড়ির প্রস্তুতি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:২১ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
দীর্ঘ ভ্রমণের আগে গাড়ির প্রস্তুতি
ছবি: সংগৃহীত

পরিবার কিংবা বন্ধুদের নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দ অন্যরকম হয়ে থাকে। তবে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার আগে গাড়ির অবস্থা পরীক্ষা করা জরুরি। মাঝপথে গাড়ি বিকল হলে পুরো আনন্দ মাটি হতে পারে। তাই যাত্রার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করে নিলে ভ্রমণ হতে পারে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক।

ভ্রমণের শুরুতে গাড়ির ইঞ্জিন অয়েল, ব্রেক ফ্লুইড, কুল্যান্ট এবং উইন্ডশিল্ড ওয়াইপার ওয়াটার পরীক্ষা করুন। ইঞ্জিন অয়েল কম থাকলে বা পরিবর্তনের সময় হলে তা বদলে নিন। দীর্ঘ যাত্রায় ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া রোধ করতে কুল্যান্টের ভূমিকা অপরিসীম। রেডিয়েটরে কুল্যান্টের পরিমাণ ঠিক আছে কি না, তা দেখে নেওয়া জরুরি।

গাড়ির টায়ার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সব টায়ারের এয়ার প্রেশার বা বাতাসের চাপ পরীক্ষা করুন। টায়ারে কোনো লিক, ফাটল বা ক্ষয় আছে কি না, তা ভালোভাবে দেখে নিন। দীর্ঘ ভ্রমণের সময় গাড়িতে অতিরিক্ত মালামাল থাকে, তাই সঠিক টায়ার প্রেশার বজায় রাখা জরুরি। একই সঙ্গে গাড়ির অতিরিক্ত চাকা বা স্পেয়ার টায়ারটি ব্যবহারের উপযোগী আছে কি না এবং চাকা পরিবর্তনের টুলসগুলো গাড়িতে আছে কি না, তা নিশ্চিত করুন।

নিরাপদ যাত্রার জন্য ব্রেকের কার্যকারিতা যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্রেক চাপার সময় কোনো অস্বাভাবিক শব্দ হলে বা ব্রেক কম ধরলে দ্রুত মেকানিকের শরণাপন্ন হোন। এছাড়া গাড়ির হেডলাইট, ব্যাকলাইট, ইন্ডিকেটর এবং ফগলাইটের কার্যকারিতা পরীক্ষা করুন। রাতের বেলা বা কুয়াশায় পরিষ্কার দেখার জন্য সব লাইট ঠিক থাকা আবশ্যক।

গাড়ির ব্যাটারির সংযোগস্থলগুলো পরিষ্কার আছে কি না এবং সেখানে কোনো মরিচা পড়েছে কি না, তা খেয়াল করুন। ব্যাটারির চার্জের অবস্থা দুর্বল মনে হলে তা পরিবর্তন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। দীর্ঘ যাত্রায় গাড়ির এসি বা এয়ার কন্ডিশনার ঠিকমতো কাজ করছে কি না, তাও দেখে নিন।

যাত্রার আগে গাড়ির প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র সঙ্গে রাখুন। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন এবং ফিটনেস সার্টিফিকেট অন্যতম। বর্তমান সময়ে ডিজিটাল বা অনলাইন কপির পাশাপাশি মূল কাগজপত্রের প্রিন্ট কপি গাড়িতে রাখা নিরাপদ।
সবশেষে গাড়িতে একটি ফার্স্ট এইড বক্স, টর্চলাইট, ফায়ার এক্সটিঙ্গুইশার এবং কিছু জরুরি ওষুধ রাখুন। রাস্তায় ব্যবহারের জন্য বোতলজাত পানি এবং শুকনা খাবার সঙ্গে নেওয়া ভালো। এই ছোট ছোট প্রস্তুতি আপনার দীর্ঘ ভ্রমণকে নিরাপদ, আরামদায়ক ও দুশ্চিন্তামুক্ত রাখবে। সঠিক প্রস্তুতিই একটি সফল ভ্রমণের মূল চাবিকাঠি।

ভলভোর নতুন ইলেকট্রিক এসইউভি ‘ইএক্স৬০’

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:০৫ পিএম
ভলভোর নতুন ইলেকট্রিক এসইউভি ‘ইএক্স৬০’
ছবি: সংগৃহীত

বৈশ্বিক অটোমোবাইল শিল্প এখন দ্রুত সফটওয়্যার ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। এই ধারাবাহিকতায় সুইডিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো তাদের নতুন ২০২৭ মডেলের ‘ইএক্স৬০’ এসইউভি গাড়ি উন্মোচন করেছে। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় গাড়িটির পরীক্ষামূলক চালনা সম্পন্ন হয়। ভলভোর জনপ্রিয় জ্বালানিচালিত এক্সসি৬০ মডেলের বিকল্প হিসেবে তৈরি এই বৈদ্যুতিক গাড়িটি মূলত প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ডিজিটাল প্রযুক্তির সক্ষমতা তুলে ধরছে।

গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ভলভোর নিজস্ব ‘হাগিনকোর’ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। গুগল, এনভিডিয়া ও কোয়ালকমের যৌথ প্রযুক্তিতে তৈরি এই সিস্টেম গাড়িটিকে একটি চলন্ত কম্পিউটারে রূপান্তর করেছে। এর ফলে গাড়িটি নিয়মিত ওভার দ্য এয়ার (ওটিএ) আপডেট পাবে। একই সঙ্গে এর সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা চালকের আচরণ ও চারপাশের পরিস্থিতি দ্রুত বিশ্লেষণ করতে পারবে। ভলভোর নতুন ‘এসপিএ৩’ প্ল্যাটফর্মে তৈরি এই গাড়ির চ্যাসিস ও ব্যাটারি সংযুক্ত অবস্থায় থাকায় এর ওজন অনেক কমে এসেছে।

চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের বাজারে আসতে যাওয়া ইএক্স৬০ গাড়িটি কয়েকটি সংস্করণে পাওয়া যাবে। এর প্রারম্ভিক সংস্করণ ‘পি৬’ একক মোটরের রিয়ার-হুইল ড্রাইভ প্রযুক্তিসম্পন্ন, যা ৩৬৯ হর্সপাওয়ার উৎপাদন করতে পারে। এতে রয়েছে ৮০ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে ৩০৭ মাইল পথ পাড়ি দিতে সক্ষম। অন্যদিকে, শক্তিশালী ‘পি১০’ সংস্করণটি দ্বৈত মোটরের অল-হুইল ড্রাইভসমৃদ্ধ। এটি ৫০৩ হর্সপাওয়ার উৎপাদন করে এবং এর ৯১ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি সর্বোচ্চ ৩২২ মাইল রেঞ্জ দেয়। ৮০০ ভোল্টের ইলেকট্রিক আর্কিটেকচারের কারণে মাত্র ১০ মিনিটে গাড়িটিতে ১৬০ মাইলেরও বেশি রেঞ্জ যুক্ত করা সম্ভব। এছাড়া চলতি বছরের শেষ নাগাদ ৬৭০ হর্সপাওয়ারের একটি ‘পি১২’ সংস্করণ বাজারে আসবে।

গাড়িটির ভেতরে স্ক্যান্ডিনেভিয়ান শৈলীর চমৎকার ও ছিমছাম নকশা চোখে পড়ে। ড্যাশবোর্ডে রয়েছে ১৫ ইঞ্চির ওএলইডি টাচস্ক্রিন, যা গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমে চলে। এতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনাই’ যুক্ত করা হয়েছে, যা চালকের সাধারণ কথার উত্তর দিতে পারে। গাড়িটির কেবিন বেশ প্রশস্ত এবং এর আসনগুলো অত্যন্ত আরামদায়ক। তবে ভেন্টিলেশন ও এসির মতো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণগুলো সম্পূর্ণ টাচস্ক্রিননির্ভর হওয়ায় চলন্ত অবস্থায় তা পরিচালনা করা কিছুটা জটিল মনে হতে পারে।

যুক্তরাষ্ট্রের বাজারে ভলভো ইএক্স৬০-এর প্রাথমিক দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৭৯৫ মার্কিন ডলার। পারফরম্যান্স ও প্রযুক্তির তুলনায় এই দাম জার্মান প্রতিযোগী অডি কিউ৬ ই-ট্রন বা বিএমডব্লিউ আইএক্স৩-এর চেয়ে বেশ সাশ্রয়ী। শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে পি৬ সংস্করণের সময় লাগে ৫ দশমিক ৭ সেকেন্ড এবং পি১০ সংস্করণের লাগে মাত্র ৪ দশমিক ৪ সেকেন্ড। আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং চমৎকার রাইডিং কমফোর্টের কারণে ভলভোর এই প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি বাজারে বেশ ভালো সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

ঝুঁকিমুক্ত যাতায়াতে গাড়ির সাসপেনশন ও স্টিয়ারিংয়ের যত্ন

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ২২ মে ২০২৬, ০৩:৪৬ পিএম
ঝুঁকিমুক্ত যাতায়াতে গাড়ির সাসপেনশন ও স্টিয়ারিংয়ের যত্ন
ছবি: সংগৃহীত

গাড়ির চাকা ও ব্রেক যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই জরুরি এর সাসপেনশন ও স্টিয়ারিং সিস্টেম। নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের জন্য এই দুটি অংশ সব সময় সচল রাখা প্রয়োজন। বাংলাদেশের সড়কের বর্তমান অবস্থায় গাড়ির এই গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোর ওপর বেশ বাড়তি চাপ পড়ে। একটু সচেতন হলে বড় ধরনের দুর্ঘটনা ও আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব।

গাড়ির সাসপেনশন মূলত রাস্তা থেকে আসা ঝাঁকুনি শোষণ করে। এটি গাড়িকে সড়কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে সাহায্য করে। অন্যদিকে স্টিয়ারিং সিস্টেম গাড়ির দিক নিয়ন্ত্রণ করে। চালকের নির্দেশ অনুযায়ী গাড়িকে ডানে বা বামে মোড় নিতে সাহায্য করে এটি। এই দুটি সিস্টেমের একটিতে সমস্যা হলে অন্যটির ওপর সরাসরি প্রভাব পড়ে।

সাসপেনশন নষ্ট হওয়ার অন্যতম প্রধান লক্ষণ অতিরিক্ত ঝাঁকুনি। গাড়ি চালানোর সময় যদি স্বাভাবিকের চেয়ে বেশি কম্পন অনুভূত হয়, তবে বুঝতে হবে শক অ্যাবজর্বার ও স্প্রিং দুর্বল হয়ে গেছে। এছাড়া মোড় নেওয়ার সময় গাড়ি একদিকে হেলে পড়লে বা ব্রেক করার সময় সামনের দিকে বেশি ঝুঁকে গেলেও সাসপেনশন পরীক্ষা করা জরুরি।

স্প্রিং বা বল জয়েন্ট ঢিলে হয়ে গেলে স্টিয়ারিংয়ে সমস্যা দেখা দেয়। গাড়ি সোজা চালানোর সময়ও যদি স্টিয়ারিং হুইল একদিকে টেনে ধরে, তবে চাকার অ্যালাইনমেন্টে সমস্যা রয়েছে। আবার স্টিয়ারিং ঘোরাতে স্বাভাবিকের চেয়ে বেশি শক্তির প্রয়োজন হলে বুঝতে হবে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড কমে গেছে। অনেক সময় ফ্লুইড লিকেজ হওয়ার কারণেও এমনটি হতে পারে।

নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই দুটি সিস্টেম দীর্ঘদিন ভালো রাখা যায়। প্রতি ১০ হাজার কিলোমিটার পরপর চাকার ব্যালান্সিং এবং হুইল অ্যালাইনমেন্ট পরীক্ষা করা উচিত। এটি চাকার অসমান ক্ষয় রোধ করে এবং স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নিখুঁত রাখে। ভাঙাচোরা বা খানাখন্দে ভরা রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। দ্রুতগতিতে গর্তে পড়লে সাসপেনশনের বল জয়েন্ট, বুশিং ও স্ট্রাট দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।

গাড়ি সার্ভিসিং করার সময় চ্যাসিসের নিচের অংশ ভালো করে ধুয়ে পরিষ্কার করা প্রয়োজন। কাদা ও বালু জমে বুশিংয়ের রাবার নষ্ট হয়ে যায়। এছাড়া পাওয়ার স্টিয়ারিংয়ের তেলের স্তর নিয়মিত পরীক্ষা করা এবং নির্দিষ্ট সময় পর পর তা পরিবর্তন করা উচিত।

গাড়ির সাসপেনশন ও স্টিয়ারিংয়ে কোনো অস্বাভাবিক শব্দ বা ত্রুটি লক্ষ করলে অবহেলা করা ঠিক নয়। সময়মতো ছোটখাটো মেরামত না করলে পরবর্তী সময়ে পুরো সিস্টেমটি পরিবর্তন করতে হতে পারে। এতে মেরামতের খরচ অনেক বেড়ে যায়। নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের জন্য গাড়ির এই দুটি প্রধান অংশের নিয়মিত যত্ন নেওয়া প্রত্যেক গাড়িচালকের দায়িত্ব।

কিয়ার ভিশন মেটা ট্যুরিজমো ভবিষ্যতের স্পোর্টস কার

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:২৪ পিএম
কিয়ার ভিশন মেটা ট্যুরিজমো ভবিষ্যতের স্পোর্টস কার
ছবি: সংগৃহীত

অটোমোবাইল জগতে প্রথাগত বৈদ্যুতিক গাড়ির ধারণা বদলে দিতে নতুন এক কনসেপ্ট কার উন্মোচন করেছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান কিয়া। সম্প্রতি মিলান ডিজাইন উইকে তারা প্রদর্শন করেছে ‘ভিশন মেটা ট্যুরিজমো’। এটি কেবল একটি গাড়ি নয়, বরং ডিজিটাল প্রযুক্তি ও যান্ত্রিক দক্ষতার এক অনন্য সমন্বয়।

কিয়া এই গাড়িটিকে তাদের ‘অপোজিটস ইউনাইটেড’ দর্শনের ওপর ভিত্তি করে তৈরি করেছে। প্রতিষ্ঠানটির গ্লোবাল ডিজাইন প্রধান করিম হাবিব জানিয়েছেন, ভিশন মেটা ট্যুরিজমো কিয়ার ভবিষ্যৎ যাত্রার একটি মাইলফলক। এটি মূলত মানুষের আবেগ ও অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এক বৈদ্যুতিক বাহন।

বাহিরের নকশা
গাড়িটির বাহ্যিক রূপ দেখতে বেশ গতিশীল। এর নিচু ও চওড়া কাঠামো একে একটি উচ্চক্ষমতাসম্পন্ন স্পোর্টস কারের রূপ দিয়েছে। এর পেছনের অংশটি তীক্ষ্ণভাবে কাটা এবং এতে রয়েছে অতি সরু আলোকসজ্জা, যা বাতাসের বাধা কমিয়ে গতি বাড়াতে সাহায্য করে। ডিজাইনাররা জানান, গাড়িটির কাঠামো তৈরিতে তারা যুদ্ধবিমান বা অ্যাভিয়েশন থেকে অনুপ্রেরণা নিয়েছেন।

অভ্যন্তরীণ রূপান্তর
প্রথাগত গাড়ির ভেতরের সজ্জার তুলনায় ভিশন মেটা ট্যুরিজমো অনেক বেশি বৈপ্লবিক। এর কেবিনকে গতিশীল ড্রাইভিং, ডিজিটাল মিথস্ক্রিয়া ও আরামদায়ক বিশ্রামের জন্য তিন ভাগে ভাগ করা হয়েছে। গাড়িটি যখন স্থির অবস্থায় থাকে, তখন এর আসন ১৮০ ডিগ্রি ঘুরিয়ে একে অপরের মুখোমুখি বসা যায়। এমনকি এতে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল জগতের সুবিধাও নেওয়া সম্ভব।

ডিজিটাল প্রযুক্তি ও গেমিং
এই কনসেপ্ট কারের সবচেয়ে আকর্ষণীয় দিক এর স্টিয়ারিং ব্যবস্থা, যা অনেকটা গেমিং কন্ট্রোলারের মতো। এতে স্পিডস্টার, ড্রিমার ও গেমার–তিনটি মোড রয়েছে। চালক চাইলে গাড়িটিকে পারফরম্যান্স মোডে চালাতে পারেন; আবার গেমার মোডে গাড়িটি একটি সামাজিক আড্ডার কেন্দ্রে পরিণত হয়। বৈদ্যুতিক গাড়ি হওয়া সত্ত্বেও এতে কৃত্রিম ইঞ্জিনের শব্দ এবং ভাইব্রেশন যোগ করা হয়েছে, যাতে চালক যান্ত্রিক অনুভব করতে পারেন।

যদিও ভিশন মেটা ট্যুরিজমো এখনই সড়কে নামছে না, তবে এটি ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থার এক স্পষ্ট ইঙ্গিত। কিয়া প্রমাণ করতে চাইছে, একটি বৈদ্যুতিক গাড়ি কেবল গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, এটি বিনোদন ও বিশ্রামের একটি বহুমুখী ডিজিটাল স্থান হতে পারে। 

দেশের বাজারে বিওয়াইডির নতুন তিন মডেলের গাড়ি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৩৫ পিএম
দেশের বাজারে বিওয়াইডির নতুন তিন মডেলের গাড়ি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে নতুন তিন মডেলের পরিবেশবান্ধব নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি ‘বিওয়াইডি সিল ৬’, হাইব্রিড সেডান ‘বিওয়াইডি সিল ৫’ এবং অল-হুইল-ড্রাইভ প্রযুক্তির হাইব্রিড এসইউভি ‘ বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি’।

রবিবার (১৭ মে) সন্ধ্যায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গাড়ি তিনটি উন্মোচন করা হয়েছে। দেশের সড়কে পরিবেশবান্ধব, স্মার্ট ও উন্নত প্রযুক্তির যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এই গাড়িগুলো আনা হয়েছে বলে জানিয়েছে বিওয়াইডি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এ সময় সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন ও চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশেরসহ খাত-সংশ্লিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রি-অর্ডার করা ৬০টি বিওয়াইডি গাড়ি গ্রাহকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বিওয়াইডি সিল ৫
এটি মূলত একটি প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক সেডান। ১ হাজার ৫০০ সিসির ইঞ্জিনচালিত এই গাড়িতে বিওআইডির নিজস্ব ‘ডিএম-আই’ প্রযুক্তি ও ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবারের পূর্ণ জ্বালানি ট্যাংক ও চার্জে গাড়িটি সর্বোচ্চ ১ হাজার কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এতে রয়েছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) সেফটি প্রযুক্তি, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও ১২.৮ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম।

বিওয়াইডি সিল ৬
সম্পূর্ণ বৈদ্যুতিক (ইভি) এই সেডানটি একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৪১০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এতে রয়েছে ৯৫ কিলোওয়াট শক্তির মোটর ও ডিসি ফাস্ট চার্জিং সুবিধা। নিরাপত্তার জন্য গাড়িটিতে এডিএএস প্রযুক্তির পাশাপাশি অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সমর্থিত ইনফোটেইনমেন্ট ব্যবস্থা রয়েছে।

বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি
প্রিমিয়াম ক্যাটাগরির এই হাইব্রিড এসইউভি গাড়িটিতে ১ হাজার ৫০০ সিসির টার্বোচার্জed ইঞ্জিন রয়েছে। শুধু ব্যাটারির শক্তিতে এটি ১২৮ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। পারিবারিক ও দীর্ঘ ভ্রমণের উপযোগী এই গাড়িতে প্যানোরামিক সানরুফ, ইনফিনিটি সাউন্ড সিস্টেম, ভেন্টিলেটেড সিট ও ৭টি এয়ারব্যাগসহ উন্নত নিরাপত্তা প্রযুক্তি যুক্ত করা হয়েছে

অনুষ্ঠানে বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং বলেন, ‘বিওয়াইডির বৈশ্বিক পরিকল্পনায় বাংলাদেশের বাজার ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন এই মডেলগুলোর উন্নত প্রযুক্তি ও টেকসই কার্যক্ষমতা এ দেশের গ্রাহকদের আধুনিক যাতায়াতের অভিজ্ঞতা দেবে।’

বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ‘গ্রাহকদের ভিন্নধর্মী জীবনযাত্রা ও চাহিদার কথা মাথায় রেখে এই বৈচিত্র্যময় লাইনআপ আনা হয়েছে। এটি দেশের পরিবেশবান্ধব স্মার্ট যাতায়াত ব্যবস্থার রূপান্তরকে আরও গতিশীল করবে।’

দরদাম
বাজারে বিওয়াইডি সিল ৫-এর প্রথম ৫০০ ইউনিটের বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৯০ হাজার টাকা। সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি সিল ৬ পাওয়া যাবে ৪৮ লাখ ৯০ হাজার টাকায়। এ ছাড়া প্রিমিয়াম এসইউভি বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি-এর দাম নির্ধারণ করা হয়েছে ৭১ লাখ ৯০ হাজার টাকা। তিনটি মডেলের গাড়িতে বিওয়াইডির নিজস্ব ব্লেড ব্যাটারি প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক ওয়ারেন্টি সুবিধা থাকবে।