বিশ্বখ্যাত চীনা ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি বৈদ্যুতিক গাড়ির (ইভি) চার্জিংয়ের নতুন প্রযুক্তি উন্মোচন করেছে। এ প্রযুক্তিতে বর্তমানে টেসলার সুপারচার্জারের চেয়েও দ্বিগুণ গতিতে গাড়ি চার্জ করা যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু ও চেয়ারম্যান জানিয়েছেন, তাদের নতুন ‘সুপার ই-প্ল্যাটফর্ম’ প্রযুক্তি ১ হাজার কিলোওয়াট পর্যন্ত চার্জিং সক্ষমতা দেবে, যা বর্তমানে টেসলার সুপারচার্জারের ৫০০ কিলোওয়াটের তুলনায় দ্বিগুণ। এর ফলে বিওয়াইডি চার্জিং স্টেশনে মাত্র ৫ মিনিটের চার্জে বৈদ্যুতিক গাড়ি ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল) পর্যন্ত চলতে পারবে। প্রাথমিকভাবে বিওয়াইডির হান এল সেডান এবং ট্যাং এল এসইউভি মডেলে এই চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। এ ছাড়া কোম্পানিটি চীনে তাদের নিজস্ব চার্জিং নেটওয়ার্ক তৈরি করবে।
ওয়াং চুয়ানফু বলেন, ‘আমাদের ব্যবহারকারীদের চার্জিং সংশ্লিষ্ট দুশ্চিন্তা দূর করতে আমরা নিরলসভাবে কাজ করছি। আমরা এমন একটি লক্ষ্য নিয়ে কাজ করছি, যাতে ইলেকট্রিক গাড়ির চার্জিং সময় পেট্রলচালিত গাড়ির রিফুয়েলিংয়ের মতো সংক্ষিপ্ত হয়।’
এবারই প্রথম চীনের গাড়িচালকদের জন্য আল্ট্রা-ফাস্ট চার্জিং প্রযুক্তি আনছে বিওয়াইডি। প্রতিষ্ঠানটি দেশজুড়ে ৪ হাজার দ্রুতগতির চার্জিং ইউনিট স্থাপনের পরিকল্পনা করেছে। তবে এর সময়সীমা বা বাজেট সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত বিওয়াইডির গাড়ি মালিকদের টেসলার মতো অন্যান্য ইভি নির্মাতা বা তৃতীয় পক্ষের চার্জিং স্টেশন ব্যবহার করতে হয়।
বিশ্বজুড়ে বিওয়াইডির ইভি বিক্রি বাড়ছে। গত বছর দ্বিতীয় প্রান্তিকে তাদের সরবরাহ বেড়েছে ২১ শতাংশ, যা টেসলার কাছাকাছি পৌঁছেছে। নতুন প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও বড় সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।