দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক সেডান গাড়ি ‘২০২৬ কিয়া ইভি৪’ যুক্তরাষ্ট্রের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। দেশটিতে সম্প্রতি অনুষ্ঠিত‘নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো’-এ গাড়িটি প্রদর্শন করছে কিয়া, যা জনসাধারণের জন্য উন্মুক্ত। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনে গাড়িটি প্রথম উন্মোচন করা হয়।
গাড়িটি কিয়ার নিজস্ব ৪০০ ভোল্টের ইলেকট্রিক গ্লোবাল মডুলার প্ল্যাটফর্মের (ই-জিএমপি) ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কিয়ার সব বৈদ্যুতিক গাড়ির ভিত্তি হলো এই প্ল্যাটফর্ম। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য ইভি৪ মডেলে থাকছে বিল্ট-ইন নর্থ আমেরিকান চার্জিং স্ট্যান্ডার্ড (এনএসিএস) পোর্ট। ফলে গাড়িটি টেসলার চার্জিং নেটওয়ার্ক ব্যবহার করেও চার্জ করা যাবে।
কিয়া ইভি৪ তিনটি সংস্করণে পাওয়া যাবে। ‘লাইট’ মডেলে থাকছে ৫৮.৩ কিলোওয়াট-আওয়ারের স্ট্যান্ডার্ড ব্যাটারি। আর ‘উইন্ড’ ও ‘জিটি-লাইন’ মডেলে থাকছে দীর্ঘস্থায়ী ৮১.৪ কিলোওয়াট-আওয়ারের লং-রেঞ্জ ব্যাটারি। কিয়ার তথ্যানুযায়ী, একবার চার্জে লাইট মডেল প্রায় ৩৭৮ কিলোমিটার ও উইন্ড মডেল প্রায় ৫৩১ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে। তবে এটি নির্মাতা প্রতিষ্ঠানের দেওয়া সম্ভাব্য হিসাব, যুক্তরাষ্ট্রের ইপিএ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নয়।
১০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে স্ট্যান্ডার্ড ব্যাটারির সময় লাগে মাত্র ২৮ মিনিট, আর লং-রেঞ্জ ব্যাটারির সময় লাগে ৩১ মিনিট। সব মডেলে সামনে একটি ১৫০ কিলোওয়াটের বৈদ্যুতিক মোটর এবং কিয়ার নিজস্ব অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) থাকছে।
গাড়িটির মূল্য সম্পর্কে এখনো কিছু জানায়নি কিয়া। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে বিদেশি গাড়ি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্কসংক্রান্ত জটিলতার কারণে প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করেনি।
ইভি৪ ছাড়াও কিয়া এই অটো শোতে তাদের তিন সারির বৈদ্যুতিক এসইউভি ‘ইভি৯’-এর ‘নাইটফল এডিশন’ প্রদর্শন করছে। এই বিশেষ সংস্করণ সম্পূর্ণ কালো রঙে মোড়ানো, এমনকি ২০ ইঞ্চি চাকা একই রঙের। নাইটফল এডিশনের ইভি৯ যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত কিয়ার কারখানায় তৈরি হবে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাজারে আসবে বলে জানিয়েছে কিয়া।