দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া সম্প্রতি তাদের নতুন বৈদ্যুতিক এসইউভি ‘ইভি৫’ উন্মোচন করেছে। এই মডেল ইউরোপ ও কোরিয়াসহ বিশ্বজুড়ে পাওয়া যাবে। এটি ‘টেসলা মডেল ওয়াই’-এর চেয়ে কিছুটা ছোট। দুটি সংস্করণে পাওয়া যাবে ইভি৫।
চীনে ২০২৩ সালের নভেম্বরে প্রথম ইভি৫ মডেল উন্মোচনের পর ব্যাপক জনপ্রিয়তা পায়। এর পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন
বাজারে গাড়িটি পাওয়া গেলেও ইউরোপের জন্য নতুনভাবে উন্নত সংস্করণ প্রথমবারের মতো প্রকাশ করা হলো।
নতুন ইভি৫ মডেলে ব্যবহার করা হয়েছে ৮১.৪ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি, যা এক চার্জে সর্বোচ্চ ৫২৯ কিলোমিটার (৩২৯ মাইল) রেঞ্জ দেবে। এর আগে চীনা সংস্করণে বিওয়াইডি এলএফপি ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে ইউরোপীয় সংস্করণে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। দ্রুত চার্জিং সুবিধা থাকায় মাত্র ৩০ মিনিটে ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে বলে জানিয়েছে কিয়া।
সংস্করণ ও ফিচার
গাড়িটি দুটি সংস্করণে বাজারে আসবে। এগুলো হলো বেসলাইন ও জিটি লাইন। উভয় সংস্করণে থাকছে ২১৫ হর্সপাওয়ার (১৬০ কিলোওয়াট) ক্ষমতার ইঞ্জিন। এতে যুক্ত করা হয়েছে ভেহিকল-টু-লোড বা দ্বিমুখী চার্জিং প্রযুক্তি, যার মাধ্যমে গাড়িটি থেকে অন্য যন্ত্রে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
আধুনিক ও আরামদায়ক ফিচার
ইভি৫-এর ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে লাউঞ্জের পরিবেশের মতো করে। এতে রয়েছে ম্যাসাজ সুবিধাসহ হিটিং ও ভেন্টিলেশন সুবিধাযুক্ত আরামদায়ক আসন। গাড়িতে থাকছে কিয়ার নতুন সিসিএনসি (কানেক্টেড কার ন্যাভিগেশন ককপিট) ইনফোটেইনমেন্ট সিস্টেম। এতে সংযুক্ত রয়েছে ডুয়াল ১২.৩ ইঞ্চি স্ক্রিন এবং ৫.৩ ইঞ্চির ক্লাইমেট ডিসপ্লে।
ইভি৫-এর বাহ্যিক ডিজাইন চীনের সংস্করণের মতো অপরিবর্তিত রয়েছে। ইভি৫-এর দৈর্ঘ্য ৪ হাজার ৬১০ মিমি, প্রস্থ ১ হাজার ৮৭৫ মিমি এবং উচ্চতা ১ হাজার ৬৭৫ মিমি, যা টেসলা মডেল ওয়াই-এর তুলনায় কিছুটা ছোট। তবে আকৃতির দিক থেকে এটি ‘হুন্দাই আইওনিক ৫’ মডেলের কাছাকাছি।
উৎপাদন ও দাম
এই মডেলটি দক্ষিণ কোরিয়ায় তৈরি হবে, যেখানে ‘কিয়া ইউয়েদা’-এর সঙ্গে যৌথ উদ্যোগে চীনা সংস্করণটি তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ইভি৫ ইউরোপ ছাড়াও কানাডাসহ আরও কয়েকটি বাজারে পাওয়া যাবে। তবে কিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এই গাড়িটি আপাতত বাজারজাত করা হবে না।
ইভি৫-এর দাম এখনো ঘোষণা না করলেও কিয়া জানিয়েছে, কিয়ার লাইনআপে ইভি৫ মডেলের দাম থাকবে ইভি৩ ও ইভি৬ মডেলের মাঝামাঝি পর্যায়ে। ইউরোপে এটি প্রায় ৫৫ হাজার ডলারের নিচে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কিয়া ইউরোপের সিওও সজোয়ার্ড নিপিং বলেন, ‘ইভি৫ হচ্ছে কিয়ার ইউরোপে প্রবৃদ্ধির মূল ভিত্তি।’ তার মতে, এই গাড়িটি ইউরোপীয় ব্যবহারকারীদের জীবনযাপন, কাজ ও গাড়ি চালনার অভ্যাসকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।