বিশ্ব খাদ্য দিবস-২০২৪ উপলক্ষে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সোসাইটি অব ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী খাদ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
ররিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের নিচ তলায় ফুড এক্সবিশন (খাদ্য প্রদর্শনী) মেলার উদ্বোধন করেন হাবিপ্রবির জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ।
রবিবার থেকে শুরু হয়ে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এই মেলা শেষ হবে।
এ সময় সংশ্লিষ্ট অনুষদের ডিন অধ্যাপক ড. মফিজউল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ব খাদ্য দিবস-২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মারুফ আহমেদ ও সদস্যসচিব অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাসহ অন্য শিক্ষক-কর্মকর্তা এবং অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রধান অতিথি অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন, আমরা জানি, ওর্য়াল্ড ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) প্রতিষ্ঠাবার্ষিকী অক্টোবর মাসের ১৬ তারিখে। এই দিনটিকে কেন্দ্র করেই বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। এই দিবসটি ঘিরেই আজকের এই আয়োজন।
তিনি বলেন, প্রদর্শনীতে ১২টি স্টল স্থান পেয়েছে। আমরা সবগুলো স্টল পরিদর্শন করেছি। এখানে অনেক উদ্ভাবনীমূলক খাবারের আইটেম দেখতে পেলাম। আশা করি, ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কাছেই খাবারগুলো জনপ্রিয়তা পাবে। এখানে খাদ্যের মান ও খাদ্য নিরাপত্তার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রোডাক্টগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নবদিগন্তের সূচনা হবে। মনে করি, হাবিপ্রবির সংশ্লিষ্ট বিভাগগুলো এক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করছে এবং এর মাধ্যমে তারা দেশ ও জাতির সেবা করতে পারবে।
মেলা উপলক্ষে আগামী ২৪ তারিখে একটি আন্তর্জাতিক কনফারেন্সও অনুষ্ঠিত হবে।
সুলতান/সুমন বিশ্বাস/পপি/