ঐতিহাসিক বিশ্বকাপের প্রথম পাতায় লেখা হলো লজ্জার ইতিহাস। সেটা হলো- গোলের চেয়ে লাল কার্ড বেশি। আর এমন ঘটনা ফুটবল বিশ্বকাপে ঘটল প্রথমবার।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো জয় তুলে নিয়েছে ২-০ ব্যবধানে। বিপরীতে ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছে তিনটি। টুর্নামেন্টের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে তিন কার্ড দেখানোর ঘটনা এটাই প্রথম।
দুই দলের ফুটবলারদের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কলঙ্কিত হয়েছে উদ্বোধনী ম্যাচ। মেক্সিকোর সিজার মন্তেস এবং দক্ষিণ আফ্রিকার ইয়ায়া সিথোলে ও থেম্বা জোয়ানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখানোর ঘটনা ঘটল।
এছাড়া ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোর পর এবারই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হলো। ২০০৬ সালে পর্তুগাল ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে ৪টি লাল কার্ড দেখানো হয়েছিল।
বিশ্বকাপের যেসব ম্যাচে ৩ বা তার বেশি লাল কার্ড দেখানো হয়েছে
- ৩টি লাল কার্ড- ব্রাজিল বনাম চেক স্লোভাকিয়া, ১৯৩৮: জেজে প্রোকোপিও, মাচাদো, ইয়ান রিহা
- ৩টি লাল কার্ড- হাঙ্গেরি বনাম ব্রাজিল, ১৯৫৪: ইয়োজেফ বোঝিক, হাম্বার্তো, নিলতন সান্তোস
- ৩টি লাল কার্ড- ডেনমার্ক বনাম দক্ষিণ আফ্রিকা, ১৯৯৮: মিকলস মলনার, মর্টেন উইগহর্স্ট, আলফ্রেড ফিরি
- ৩টি লাল কার্ড- অস্ট্রেলিয়া বনাম ক্রোয়েশিয়া, ২০০৬: ব্রেট এমারটন, দারিও সিমিচ, যোসিপ সিমুনিচ
- ৩টি লাল কার্ড- ইতালি বনাম যুক্তরাষ্ট্র, ২০০৬: দানিয়েলে দে রোসি, পাবলো মাস্ত্রোয়েনি, এডি পোপ
- ৪টি লাল কার্ড- পর্তুগাল বনাম নেদারল্যান্ডস, ২০০৬: কস্তিনিয়া, ডেকো, খালিদ বুলাহরুজ, জিওভান্নি ফান ব্রঙ্কহর্স্ট
- ৩টি লাল কার্ড — মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা, ২০২৬: সিজার মন্তেস, ইয়ায়া সিথোলে, থেম্বা জোয়ানে।
অনিক/