দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. এ টি এম রফিকুল ইসলামকে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরকেও তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয় থেকে জানানো হয়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ টি এম রফিকুল ইসলামকে প্রক্টরের দায়িত্ব থেকে থেকে ধন্যবাদ জ্ঞাপনসহ অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টরের শূন্য পদে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের এক আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইলিয়াস হোসেনকে সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। ১৯ ফেব্রুয়ারি থেকেই এ আদেশ কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর অধ্যাপক ড. শুচিতা শরমিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি যোগদানের পর গত ২৭ নভেম্বর প্রক্টর হিসেবে ড. এ টি এম রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ছয় মাসের মাথায় তৃতীয় ব্যক্তি হিসেবে সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে প্রক্টরের দায়িত্ব দেওয়া হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানিয়েছেন, শিক্ষার্থীদের ১১ দফা দাবির মধ্যে প্রক্টরিয়াল বডি পরির্বতনের দাবি ছিল। এ ছাড়া প্রক্টর এ টি এম রফিকুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের অনেক অভিযোগ রয়েছে। তারই ভিত্তিতে গতকাল প্রক্টর ও সহযোগী প্রক্টরদের অব্যাহতি দেওয়া হয়েছে।