সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) কোচিং সেন্টারের সাথে তুলনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের সংগঠন সাদা দল। অন্যথায়, বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে, হুঁশিয়ারী দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে তা জানানো হয়। বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিং অনুযায়ী, এটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রায় ৫৬টি সক্রিয় ও বিশেষায়িত গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। এর মধ্যে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র অন্যতম। এমনকি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস এবং ওয়েব অব সায়েন্স ইনডেক্সড জার্নালে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি অসত্য তথ্যের ভিত্তিতে দু'টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তুলনা করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়: এই বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব, জন্ম এবং বিকাশের ইতিহাসের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত।’
এতে আরো বলা হয়, ‘রাষ্ট্রীয় উদাসীনতা ও সীমিত বাজেটের মধ্যেও এ দেশের শিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে অনন্য ও গৌরবোজ্জ্বল অবদান রেখে চলেছে, তা বিশ্বজুড়ে সমাদৃত। সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়। এমন একটি ঐতিহ্যবাহী ও জাতীয় আবেগ জড়ানো প্রতিষ্ঠান সম্বন্ধে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার- এই ধরণের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
বক্তব্য প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচিতে নামার হুঁশিয়ারী দিয়ে বলা হয়, ‘এই অবিবেচনাপ্রসূত মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও অবদানকে চরমভাবে অপমান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল অবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এই অবমাননাকর মন্তব্য অতি দ্রুত প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছে। অন্যথায়, বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
এর আগে ইউটিউবে প্রকাশিত একটি পডকাস্টে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার বলি। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি যে গবেষণা করে তার কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে না। যেখানে ঢাকা ইউনিভার্সিটি স্টেট সাবসিডাইজ, একশোর উপরে তাদের মেজর রয়েছে; সেই জায়গা থেকে নর্থ সাউথ এবং ব্র্যাক ইউনিভার্সিটি, দুটো প্রাইভেট ইউনিভার্সিটি; তাদের ডিপার্টমেন্টই আছে ৬-৭টি। অনেক বেশি বাই মার্জিন ঢাকা ইউনিভার্সিটি থেকে বেশি রিসার্চ করে।’
আরিফ জাওয়াদ/এসএন