খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। তারা আবারও বিক্ষোভ করেছেন। একইসঙ্গে তারা সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন করেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।
শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না’, ‘শিক্ষার্থীর রক্ত ঝরে, প্রশাসন তামাশা করে’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। তারা ৬ দফা দাবিতে ক্লাস বর্জন করেছেন। প্রশাসনিক ও একাডেমিক ভবনে ঝুলছে তালা।
জানা যায়, কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় প্রায় অর্ধশত শিক্ষার্থী।
এরই প্রেক্ষিতে বুধবারের সিন্ডিকেটের ৯৮তম বিশেষ জরুরি সভায় ক্যাম্পাসে রাজনীতি বন্ধসহ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলার ঘটনায় ব্যর্থতার দায়ভার নিয়ে উপাচার্য, উপউপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালকের পদত্যাগসহ ৬ দফা দাবিতে অনড় রয়েছেন। একইসঙ্গে উপাচার্যসহ সংশ্লিষ্টদের বর্জন করে কুয়েটে নতুন প্রশাসন নিয়োগের দাবি জানিয়েছেন।
মাকসুদ/সালমান/