আমরা অনেকেই ভাবি, পড়ার সময় হাতে লিখে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট নিলে সময় অপচয় হবে। অনেকেই আবার নোট নিলেও সময় বাঁচানোর জন্য ডিজিটাল কোনো মাধ্যম ব্যবহার করে থাকেন। কিন্তু হাতে লেখা নোটের আলাদা একটা শক্তি আছে। শতাব্দী ধরে তথ্য সংরক্ষণের ঐতিহ্যবাহী পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই মাধ্যমটি। ডিজিটাল প্রযুক্তির উত্থানের পরও, এই পদ্ধতির গুরুত্ব এতটুকু কমেনি।
বিভিন্ন গবেষণায় ওঠে এসেছে এর বিশেষ সব উপকারী দিক। আজকে থাকল পড়াশোনার সময় হাতে লেখা নোট নেওয়ার উপকারী দিকগুলো।
মানুষ হাতে লিখলে তথ্য বেশি মনে রাখতে পারে। কারণ, হাতে লেখা টাইপিংয়ের তুলনায় বেশি মানসিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত, যা স্মৃতিতে তথ্য সংরক্ষণ করতে সাহায্য করে।
হাতে নোট লেখার সময় সাধারণত তথ্য সংক্ষেপ ও নিজের ভাষায় প্রকাশ করতে হয়। কারণ, কারও কথা বলার গতি অনুযায়ী লিখতে পারা প্রায় অসম্ভব। ফলে হাতে লিখতে চাইলে তথ্য আরও গভীরভাবে বোঝার দরকার পড়ে। ফলে তথ্য গ্রহণ ও সংরক্ষণের ক্ষেত্রে মস্তিষ্ককে আরও সক্রিয় হতে হয়।
কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে নোট লেখার সময় বিভিন্ন বিভ্রান্তির সম্ভাবনা থাকে, যেমন- কল, মেসেজ বা নোটিফিকেশন। কিন্তু হাতে নোট নিলে এই সম্ভাবনা থাকে না। সাধারণত যারা ক্লাসে ল্যাপটপ ব্যবহার করে, তারা অনেক সময় একাধিক কাজ একসঙ্গে করে থাকে, যা শুধু তাদের জন্য নয়, আশপাশের শিক্ষার্থীদের জন্যও ক্ষতিকর।
হাতে লেখা নোট ডিজিটাল নোটের তুলনায় বেশ সহজ ও সাবলীল। কেননা হাতে লেখা নোটে সহজেই বিভিন্ন রং ব্যবহার করা যায়। এ ছাড়া আন্ডারলাইন, বৃত্ত আঁকা, তির চিহ্ন তৈরি মুহূর্তেই করা সম্ভব। আর এসব কাজ নোটকে আরও অর্থবহ ও সহজ করে তোলে।
হাতে লেখা নোট নিয়ে বিজ্ঞান কী বলে?
হাতে লেখা নোটের সুবিধাগুলো কেবল অভিজ্ঞতাভিত্তিক নয়; এগুলো বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সমর্থিত। চলুন তেমন কিছু গবেষণার তথ্য অনুসন্ধান করি।
ধারণা মনে রাখার দক্ষতা বৃদ্ধি: সাইকোনমিক বুলেটিন অ্যান্ড রিভিউ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যে, যারা হাতে নোট লিখেছে, তারা লেকচার থেকে তথ্য মনে রাখার ক্ষেত্রে টাইপ করা শিক্ষার্থীদের তুলনায় বেশি সফল হয়েছে।
শেখার উন্নতি সাধন: জার্নাল অব এডুকেশনাল সাইকোলজি’তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যারা টাইপ করেছে তারা বেশি পরিমাণে নোট লিখেছে, তবে তাদের শেখার গভীরতা তুলনামূলকভাবে কম ছিল। অন্যদিকে, হাতে নোট নেওয়া শিক্ষার্থীরা তুলনামূলকভাবে বেশি শিখছে, যা দীর্ঘ মেয়াদে বেশি ফলপ্রসূ।
সৃজনশীলতা বৃদ্ধি: এডুকেশনাল সাইকোলজি রিভিউতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যারা হাতে নোট নেয়, তারা তথ্যকে নিজেদের ভাষায় পুনর্গঠন করতে বেশি সক্ষম, যা সমস্যা সমাধানে সহায়তা করে এবং সৃজনশীলতা বাড়ায়।
কলি