ইসরায়েলের বর্বরতা রুখতে জাতিসংঘসহ বিশ্বসম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো লিখিত বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসন এক ভয়াবহ রূপ নিয়েছে, যা ইতিহাসের অন্যতম নির্মম গণহত্যা। সাম্প্রতিক অগ্রাসনে ৫০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত ও লক্ষাধিক ফিলিস্তিনি আহতসহ ২২ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তচ্যুত হয়েছে। খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার অভাবে তারা মানবেতর জীবন-যাপন করছেন।
আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক আইন এবং যুদ্ধবিধির মৌলিক নীতিমালাকে পাশ কাটিয়ে ভয়াবহভাবে এই হত্যাযজ্ঞ সংঘটিত হচ্ছে। অথচ বিশ্বসম্প্রদায়ের প্রতিক্রিয়া রীতিমতো হতাশাজনক। জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নামমাত্র বিবৃতির বাইরে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, যা মানবতা ও ন্যায়ের প্রতি চরম উন্নাসিকতার দৃষ্টান্ত।
ইসরায়েলের বর্বরতায় নিন্দা জানিয়ে সাদা দল আরও জানায়, এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সালাদল গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা এই ভয়াবহ গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছে এবং শহিদ ফিলিস্তিনিদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া করছে। আহত ও বাস্তচ্যুত ফিলিস্তিনিদের প্রতি একাগ্রতা প্রকাশ করে ঢাবি সাদা দল জরুরি ভিত্তিতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের নিকট মানবিক সহায়তার আহ্বান জানাচ্ছে।
একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ এবং মানবাধিকার লঙ্ঘনের সুবিচার নিশ্চিতের দাবি জানাচ্ছে।
বিবৃতিতে সাদা দলের নেতারা বলেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি ও সমর্থন দিতে হবে। মানবতা, ন্যায়বিচার এবং মুক্তির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর এখনই সময়।
মাহফুজ/