শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ব্যাচের ৩২১ জন সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সম্মেলনে অংশ নেন অব্যাহতিপ্রাপ্ত অর্ধ-শতাধিক সাব-ইন্সপেক্টর।
চাকরিচ্যুতদের অভিযোগ, তাদের বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ না এনে বা উপযুক্ত শুনানি ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুপস্থিতি বা শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে; তবে অনেকে একই পরিস্থিতিতেও প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন, অথচ এই ৩২১ জনকে বাদ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপপরিদর্শক পদে প্রশিক্ষণরত অবস্থায় অব্যাহতি পাওয়া দীপিকা চক্রবর্তী বলেন, ‘এক বছর মেয়াদী ট্রেনিং শেষ করে যেখানে আমাদের দেশ ও জাতির সেবা করার কথা ছিল, সেখানে চার ধাপে আমাদের বাতিল করা হয়েছে। মাঠে সময়মতো উপস্থিত না থাকা, জিমনেশিয়াম ক্লাসে অমনোযোগী থাকা ইত্যাদি অভিযোগে বাতিল করা হয়েছে। যদিও সেখানে দায়িত্বরত সাবেক আইজিপি হাসিবুর রহমান চৌধুরী ক্লাসে হইচই করার কথা অস্বীকার করেন।’
পুনর্বহালের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য তিনি বলেন, ‘হয় এই যন্ত্রণা থেকে মুক্তি দিন না হয় মেরে ফেলুন। আজ আমরা অসহায়। আমরা অনেকেই সরকারি বেসরকারি চাকরি ছেড়ে একাডেমিতে যোগ দিয়েছিলাম। কোথাও চাকরিও দিচ্ছে না আমাদের।’
উল্লেখ্য, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২১ জন এসআই ছিলেন। ২০২৩ সালের ৪ নভেম্বর সারদায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। এর মধ্যে বিভিন্ন সময়ে গুরুতর অপরাধের অভিযোগে ২২ জনকে বাদ দেওয়া হয়। এদিকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ জন এসআইকে শোকজ করে একাডেমি, পরে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
/আরিফ জাওয়াদ/মাহফুজ