শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরীণ বেহাল রাস্তা নিয়ে খবরের কাগজে সংবাদ প্রকাশিত হওয়ার পর এবার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংসদ থেকে রাস্তা মেরামতের জন্য উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের দপ্তরে স্মারকলিপিটি জমা দেয় সংগঠনটি।
এর আগে গত ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বেহাল এই রাস্তা মেরামতের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিসিকের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে খবরের কাগজে ‘বেহাল রাস্তা মেরামতে অনীহা শাবিপ্রবি ও সিসিকের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে দেওয়া স্মারকলিপি তে বলা হয়,
‘আমরা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীগণ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার বর্তমান অবস্থা ভয়াবহ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। বিশেষ করে ছাত্রী হলের রাস্তা, গোল চত্বর থেকে শাহপরান হলের রাস্তা এবং মুজতবা আলী হলের রাস্তা অনেকদিন ধরেই অযত্নে পড়ে রয়েছে এবং এর অবস্থা এমনই যে, ঐ সকল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আমরা মুজতবা আলী হলের রাস্তার দিকে আপনার বিশেষ মনোযোগ আকর্ষণ করতে চাই। এই রাস্তা দিয়ে চলাচলকারী শিক্ষার্থীরা প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে বৃষ্টি হওয়ার পর রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও বেড়ে যায়। একই অবস্থা ছাত্রী হলের রাস্তা এবং গোল চত্বর থেকে শাহপরান হল পর্যন্ত রাস্তার। এই সকল রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ার ফলে শিক্ষার্থীদের চলাচলে বিপত্তি সৃষ্টি হচ্ছে।
দৈন্যদশায় দীর্ঘ সময় পার হলেও এই সমস্ত রাস্তা সংস্কার বা মেরামতের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিতের স্বার্থেই শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনের নিরাপত্তার জন্যও অতি দ্রুত রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া দরকার বলে আমরা মনে করি।
অতএব, আপনার কাছে আমরা সবিনয় অনুরোধ, দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল রাস্তার সংস্কার বা মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। বিশেষ করে মুজতবা আলী হলের রাস্তা, ছাত্রী হলের রাস্তা এবং গোল চত্বর থেকে শাহপরান হল পর্যন্ত রাস্তার মেরামত ও সড়কটির নিরাপত্তা নিশ্চিত করতে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটিই আমাদের প্রত্যাশা।
আমরা বিশ্বাস করি, আপনার দৃষ্টি আকর্ষণের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব এবং শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে আপনি উদ্যোগী হবে।’
উল্লেখ্য, স্মারকলিপিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বরাবর জমা দেওয়ার কথা থাকলেও তিনি ছুটিতে থাকায় উপ-উপাচার্য বরাবর জমা দেওয়া হয়।
মো. ইসফাক আলী/মাহফুজ




