নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, হত্যাচেষ্টা এবং লাশ গুমের হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৩ জুলাই) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে তারা এ কর্মসূচি পালন করেন।
বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা বেগমগঞ্জ চৌরাস্তার মূল সড়কে অবস্থান নেন। এ সময় তারা বিক্ষোভ শুরু করে এবং এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনিমেষ দেবনাথ ও তার দুই সহপাঠী চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাদের মধ্যে একজনের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন এবং অন্যদের কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। হামলাকারীরা ছয় হাজার টাকা ছিনিয়ে নেয় ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ঘটনার পরপরই নিকটস্থ থানায় একটি মামলা করা হয়। মামলায় সাত-আটজন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তব্যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ACCE) বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “ঘটনার পরপরই আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব। কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিয়াদুল জান্নাত মারিয়া বলেন, “এক জুলাইয়ে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছি, প্রয়োজনে আবারও সন্ত্রাসীদের পতন ঘটাব। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।”
বিজিই বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সালাহউদ্দিন মহসিন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে বসে থাকার জন্য নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেতন দেওয়া হয়। তারা যদি ব্যর্থ হয়, ছাত্র-জনতা এর জবাব দিতে জানে।”
ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম বলেন, “ঘটনার পরেও কোনো বিচার না হওয়া এবং প্রশাসনের দুর্বল অবস্থানের কারণেই শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি - হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনুন।”
সবশেষে শিক্ষার্থীরা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন। এরপরই তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
কাউসার আহমেদ/মৌসুমী/