রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সচেতন নাগরিক ফোরাম।
একই সময়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩-এ কার্যালয়ের সামনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন। এ সময় শত শত শিক্ষার্থী রাস্তায় বসে পড়েন এবং মুহুর্মুহু স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। এতে আরও সংহতি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। অবরোধ কর্মসূচি চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
অবরোধের কারণে ঢাকা ও পাবনাগামী সব ধরনের যানবাহন আটকে পড়ে। এ কারণে মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজট তৈরি হয়। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।
স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ ও অভিভাবকরাও অংশ নিয়ে জানান, এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা বারবার নানা সমস্যার মুখে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন চান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মহাসড়কে আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের পর থেকে দীর্ঘ ৯ বছর পার হলেও এখনো বিভিন্ন ভাড়া বাসায় পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে শিক্ষার ও পাঠদানের পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে না। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় মহাসড়কের ওপরে সংবাদ সম্মেলন করেন তারা।
এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। তারপর ধারাবাহিকভাবে মহাসড়কে প্রতীকী ক্লাস, মৌন মিছিলসহ নানা কর্মসূচি করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।