রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অফিসকক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষার ফল দ্রুত প্রকাশসহ চার দাবিতে ওই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় রাবির সহকারী প্রক্টর ও পরীক্ষা কমিটির সভাপতি মুহা. বেলাল হুসাইন, বিভাগের সভাপতিসহ কয়েকজন শিক্ষক কক্ষের ভেতরে আটকা পড়েন। পরে দুপুর আড়াইটার দিকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেন।
দাবিগুলো হলো, চতুর্থ বর্ষের আটকে থাকা ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষা অবশ্যই সময়মতো নিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। অসদাচরণ ও হুমকির জন্য সহকারী প্রক্টরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে।
শিক্ষার্থীরা জানান, আগের সেমিস্টারগুলোর ফলাফল প্রকাশে কোনো সেমিস্টারে সাত মাস, কোনো সেমিস্টারে তিন থেকে চার মাস পর্যন্ত সময় নেওয়া হয়েছে। বর্তমান সেমিস্টারের ফল প্রায় তিন মাস ধরে আটকে আছে, যা ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করছে। বিভাগের অন্য ব্যাচগুলোও এই একই সমস্যার ভুক্তভোগী।
শিক্ষার্থীরা আরও জানান, ফলাফল প্রকাশের বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি মুহা. বেলাল হুসাইনের সঙ্গে অনেকবার কথা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা কোনো সদুত্তর পাননি।
আন্দোলনরত চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, ‘আমাদের তিনটি সেমিস্টারের ফলাফল প্রকাশেই অনেক দেরি করা হয়েছে। এই সেমিস্টারের ফলও তিন মাস ধরে আটকে আছে। আমরা তিন-চারবার বিভাগের অফিসকক্ষে গিয়ে কথা বলেছি, কিন্তু কোনো সমাধান পাইনি।’
একই বর্ষের শিক্ষার্থী আল-ফাহাদ বলেন, ‘আজকেও ফলাফল প্রকাশের বিষয় নিয়ে আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি মুহা. বেলাল হুসাইনের সঙ্গে কথা বলতে গেয়েছিলাম। কিন্তু সভাপতি কোনো আশ্বাস দিতে পারেননি।’
উল্টো তিনি আমাদের হুমকি দেন। তিনি বলেন ‘তোমাদের আমরা দেখে নেব। আমি চাইলে তোমরা ফলাফল নিয়ে বের হতে পারবে না।’ তারই প্রতিবাদে আজকে আমরা তালা দিতে বাধ্য হয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সহকারী প্রক্টর মুহা. বেলাল হুসাইন বলেন, ‘শিক্ষার্থীরা আজই ফলাফল প্রকাশের দাবি জানিয়েছিল। কিন্তু এটা তো সম্ভব না। কিছু কোর্সের রেজাল্ট আমরা এখনো হাতে পাইনি। এ জন্য ফলাফল প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। আগামী সপ্তাহে ফল প্রকাশিত হবে।’