রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সাবেক তিন সমন্বয়কের ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ফাহির আমিন নামে এক প্রার্থী পদত্যাগ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে পোস্ট করে প্যানেল থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন।
ফাহির আমিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী। ফাহির ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।
পদত্যাগ করে ফাহির ফেসবুকে লিখেছেন, ‘ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কারণে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্যানেল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য মনে করলে বিবেচনা করবে। সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।’
এ বিষয়ে ওই প্যানেলের ভিপি পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক মেহেদী সজীব খবরের কাগজকে বলেন, ‘এটা ফাহিরের একান্ত ব্যক্তিগত বিষয়। আর কাউকে জোর করে ধরে রাখার রাইটস আমার নাই। তবে তার সঙ্গে কথা বলেছি এ ব্যাপারে। কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে স্বতন্ত্র থেকেই নির্বাচন করবে।’
এর আগে গত বুধবার দুপুরে রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে ১৮ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়। এতে ভিপি, জিএস ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়ক।
শাকিবুল/রিফাত/