চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রদল প্যানেলসহ ১৬৯ জন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) তারা চাকসু ভবন থেকে মনোনয়নপত্র নেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিনে (১৪ সেপ্টেম্বর) ২৮ জন মনোনয়নপত্র নিয়েছিলেন। দ্বিতীয় দিনে আরও ১৪১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। দুই দিনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৬৯ জনে। এর মধ্যে চাকসু কেন্দ্রীয় সংসদের জন্য ৯৭ জন, মেয়েদের হলের জন্য ৪৬ জন এবং ছেলেদের হলের জন্য ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আজ সোমবার পর্যন্ত চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ৯৭ জন, মেয়েদের হলে ৪৬ এবং ছেলেদের হলে ২৬ জন মনোনয়নপত্র নিয়েছেন। আনন্দঘন এ পরিবেশটি যেন সুস্থভাবে চলতে থাকে, আমরা সেটিই চাই।”
ভিপি–জিএস পদে মনোনয়ন প্রসঙ্গে তিনি আরও জানান, মনোনয়ন ফরমে আলাদা ঘর রাখা হয়েছে। তবে সেটি এখনই খুব গুরুত্বপূর্ণ নয়। মনোনয়ন জমা দেওয়ার সময় যে পদে আবেদন থাকবে, সেটিই চূড়ান্ত ধরা হবে।
কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের পদপ্রার্থী ও শাখা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ও হল সংসদের পদপ্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কেন্দ্রীয় সংসদের জন্য ১০টি এবং হল সংসদের জন্য প্রায় ১৫টি ফরম নিয়েছি। আমরা অনেক খুশি। আমাদের আরও কয়েকজন প্রার্থী আজ ফরম সংগ্রহ করবে।”
এদিকে আগামীকাল (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত মনোনয়নপত্র পাওয়া যাবে। চাকসুর জন্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত। ওইদিন প্রার্থীদের ডোপটেস্টের সনদও জমা দিতে হবে। যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।
আল আরাফ/নাঈম