‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) ১৫তম প্রজাপতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা ২০১০ সাল থেকে প্রজাপতি সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উৎসব আয়োজন করে আসছে।
মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন জানান, এবার মেলায় ‘বাটারফ্লাইস অব বাংলাদেশ’ বইয়ের তৃতীয় সংস্করণ উন্মোচন করা হবে। বইটিতে দেশের ৩৬০টি প্রজাতির প্রজাপতির ছবি, তাদের বায়োলজি এবং জিনভিত্তিক শনাক্তকরণ তথ্য থাকছে।
এ ছাড়া প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র সবার জন্য উন্মুক্ত থাকবে। সেখানে প্রজাপতির প্রজননক্ষেত্র, প্রজাপতিবান্ধব বৃক্ষরাজি এবং প্রজাপতি পর্যবেক্ষণের বিশেষ বাগান দেখা যাবে বলে জানান তিনি।
উৎসবে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মেলা উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি হবে। দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে প্রজাপতির গল্পে পাপেট শো, প্রজাপতির অরিগ্যামি প্যারেড, শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ, ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির হাট দর্শন, আলোকচিত্র প্রদর্শনী ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা।
প্রজাপতি সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৫’ পাচ্ছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সংরক্ষণবিদ আলী রেজা খান। আর ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড-২০২৫’ যৌথভাবে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ, শাহারিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারি।
এবারের উৎসবের টাইটেল স্পন্সর ‘কিউট’। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন, আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। মিডিয়া পার্টনার চ্যানেল আই ও রেডিও ভূমি।