হৃদয় চিঁড়ে বেদনার গান গেয়ে
তোমাকেই কাছে পেতে চাই
তোমার আমার মাঝে মেরুর দেয়াল
তবু কী দুঃসাহসে ছু়ঁয়ে আসি তোমাকে
চলার পথের বন্ধুর কাটা ছুড়ে ফেলি অবলীলায়
যুদ্ধ ছাড়া কে কবে পেয়েছিল
সাম্রাজ্যের ঠিকানা পড়েছিল বিজয় মুকুট
আমার আঙিনাজুড়ে বিস্তৃত উদ্যানে
ফুল ফোটে তোমার নামে
পাখিরা গান গায় সেও তো তোমারই নামে
বসন্তে পল্লবিত সবুজ শাখায় শাখায়
তোমারই বন্দনা
তুমি ছাড়া কে আর অন্ধকার সরিয়ে পুব দিগন্তে আনতে পারে রুপালি প্রভাত
তেজদিপ্ত সূর্য তুমি যে আভায় আমি রোদ হয়ে যাই
অতলান্ত গভীরে ডুব দিয়ে আমি তোমার
নাম গেয়ে মুক্তা কুড়াই
সুক্তি থেকে মুক্তা তুলে তোমারই
নামে পড়ে পরি নাকফুল
ভালোবাসা এক অলিখিত দলিল
সেখানে চুক্তি থাকতে নেই
নেই সিগনেচারের প্রয়োজন
দুটি হৃদয় শুধু পরস্পরের কাছে
সম্মান মূল্যবোধ আর বিশ্বস্ততার কাছে দায়বদ্ধ...