জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও আলোকসজ্জাসহ নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। একই সময়ে সব আবাসিক হলে জাতীয় ও হল পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য ‘মুক্ত বাংলা’র পাদদেশে এসে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ইইই বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মোহাম্মদ নজীবুল হকসহ অনুষদ ডিন, হল প্রাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান, জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা-কর্মচারী সমিতি, শাখা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ আবাসিক হল ও বিভাগসমূহ মুক্ত বাংলার পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
পরবর্তীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাখা ছাত্রদল, বিএনপি সমর্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি শেষে কেন্দ্রীয় ফুটবল মাঠে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও আবাসিক হলগুলোর মধ্যে প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, মুক্ত বাংলা, ডায়না চত্বর, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর, ভিসি বাংলো ও আবাসিক হলসমূহে আলোকসজ্জা করা হয়।
মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজ মহান বিজয় দিবস, বাংলাদেশি ও বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ দিন। আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বিশেষভাবে স্মরণ করছি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত সমাজ গঠন। সেই চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই স্বাধীনতার স্বপ্ন পূরণ সম্ভব। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার বিশ্বাস করে, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সবাই কাজ করে যাব।
নিয়ামত/নাঈম