আগামীকাল ২৬ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন ও পরীক্ষা কমিটি এসব তথ্য জানায়।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা এই ভর্তি যুদ্ধ চলবে। চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের ৮৬০টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়বেন অন্তত ৮৪ জন শিক্ষার্থী। এবার পরীক্ষার্থীদের সুবিধার্থে ঢাকার ভেতরে ৯টি এবং ঢাকার বাইরে ৩টি কেন্দ্রসহ মোট ১২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ঢাকার অভ্যন্তরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার মানবণ্টন অনুযায়ী, মোট ১০০ নম্বরের মধ্যে ৭২ নম্বর থাকবে এমসিকিউ পদ্ধতিতে। বাকি ১৮ নম্বর নির্ধারণ করা হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত অথবা জীববিজ্ঞান বিষয়ের ওপর প্রশ্নপত্র তৈরি করা হবে।
পরীক্ষার সার্বিক প্রস্তুতি বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ‘ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবার ঢাকার বাইরে খুলনা, রাজশাহী ও কুমিল্লায় পরীক্ষাকেন্দ্র রাখা হয়েছে।’
উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের পর আগামী ৯ জানুয়ারি বেলা ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মুজাহিদ/এসজি/