সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল।
রবিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এত সুন্দর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের জন্য সাদা দলকে ধন্যবাদ জানাই। বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও দশের নেত্রী। তিনি দেশের সব ধর্ম ও মতের মানুষকে একসঙ্গে ঐক্যবদ্ধ রেখেছিলেন। অনেক কঠিন সময় তিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেছেন। তার বিয়োগে দেশ একজন যোগ্য নেতৃত্ব হারিয়েছে।’
সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের দেশের কাণ্ডারি। তার স্থান হয়তো কোনোদিন পূরণ হবে না। দেশের সব মানুষ তাকে ভালোবাসত, যার বহিঃপ্রকাশ আমরা দেখেছি তার জানাজায়। মানুষ দূর-দূরান্ত থেকে তার জানাজায় অংশগ্রহণের জন্য ছুটে গিয়েছে। এত বড় জানাজা হয়তো এ দেশের মানুষ আগে কখনো দেখেনি। তার সঙ্গে সবার দোয়া রয়েছে। মহান আল্লাহ আজকের এই দোয়া মাহফিলের উছিলায় তাকে জান্নাত দান করুন এটাই কামনা করি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- প্রক্টর মাহবুবুর রহমান, ট্রেজারার ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হুদা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাবিব-উল-মাওলা, পরিবহন প্রশাসক ও সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তর ও বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল হাকিম।
রাফি/রিফাত/