বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সদস্যদের ভোটে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইউসুফ আলী সভাপতি এবং আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের রাশেদুল ইসলাম রাফি সেক্রেটারি মনোনীত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
এতে বলা হয়, আজ ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভবনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, আইআইইআরের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ইউসুফ আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী শাখা সেক্রেটারি হিসেবে রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জাকারিয়া হোসাইনকে মনোনীত করেন।
নিয়ামত/এসজি/