শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে আবারও উত্তাল ক্যাম্পাস। শাকসুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় শাকসুর দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এই নিউজ লেখা পর্যন্ত (সাড়ে তিনটা) শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
এ সময় শিক্ষার্থীরা, ২০ তারিখে শাকসু দিতে হবে দিতে হবে, ঢাকায় বসে শাকসু বন্ধ করা যাবে না, মব করে শাকসু বন্ধ করা যাবে না, হাইকোর্ট না শাকসু/ শাকসু শাকসু, শাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার, স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, কুচক্রীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, একশন টু একশন/ডাইরেক্ট একশন, লড়াই লড়াই লড়াই চাই/ লড়াই করে বাচতে চাই, গোলামী না রাজপথ/ রাজপথ রাজপথ- এসব শ্লোগান দেয়।
গতকাল (১৮ জানুয়ারি) শাকসুর এক ভিপি প্রার্থীর রিট ও ঢাকায় ছাত্রদলের শাকসুর প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানোর পর থেকেই উত্তাল অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। এর আগে আজ বেলা সাড়ে ১২টায় রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে সেখানে বিক্ষোভ ও অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে শাকসু সঠিক সময়ে না হলে ক্যাম্পাস শাটডাউন করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করার সিদ্ধান্ত নেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
ইসফাক আলী/অমিয়/