আসন্ন গণভোটে ‘হ্যা’ ভোটের প্রচারণায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টারিং করেছে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ১৮ তম আবর্তনের শিক্ষার্থী ইলিয়াস।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে পোস্টারগুলো শিক্ষক-শিক্ষার্থীসহ জনসাধারণের নজরে আসে।
জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার টানান শিক্ষার্থী ইলিয়াস।
এ বিষয়ে খবরের কাগজকে ইলিয়াস বলেন, বর্তমান সময়ে অনেকে ক্ষমতা ভাগাভাগি তে ব্যস্ত, কিন্তু আমরাতো জুলাইয়ের শহিদদের কাছে দায়বদ্ধ। তাই ‘গণভোট’ যেটা সংস্কারের চাবিকাঠির মতো গুরুত্বপূর্ণ বিষয় সেটা রেখে সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা করতে পারিনি। ১৪০০ শহিদ তো আর শুধু হাসিনাকে ক্ষমতাচ্যুত করে অন্য দলকে ক্ষমতায় বসাতে জীবন দেয় নাই, এক স্বৈরাচার বিদায় করতে তো ১৭ বছর লাগছে আজকে যদি ‘না’ জয় যুক্ত হয় তবে আরেকটা বিপ্লব হতে ৩৪ বছর লাগবে।
তিনি আরও বলেন, সরকারি দপ্তর থেকে গণভোটের প্রচারণা নিয়ে তেমন কোনো কার্যক্রম দেখছি না। আর জনগন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রায় ৫০ শতাংশের অধিক শিক্ষার্থীই জানে না কেনো গনভোট হচ্ছে। কোন কোন পরিবর্তনের জন্যে এই গনভোট। এই জায়গা থেকেই আমাদের এই ক্ষুদ্র কার্যক্রম।
তবে রাতে ব্যানার ও পোস্টারিং করার বিষয়ে তিনি বলেন, আমি যে বাধা বা ভয়ের কারণে রাতে পোস্টারিং করেছি, বিষয়টা এমন নয়। কোনো বাধাবিপত্তির সম্মুখীন হইনি। আসলে সারাদিন আমার পরীক্ষা, ক্লাস ছিল। তাই সারাদিনে এগুলো টানানোর সময় পাইনি। এজন্য সব কাজ শেষ করে রাতে এগুলো টানাই।
তাসনিম হক/নাঈম