চলমান নির্বাচনি প্রচারণায় দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীদের ওপর হামলা, হেনস্তা এবং বোরকা-নিকাব খুলে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সাত দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী সৈয়দা হাফছা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, ভোলা, মিরপুর, মেহেরপুর ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া মহিলা জামায়াত ও ইসলামী ছাত্রীসংস্থার কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। তারা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা নারী কর্মীদের গালিগালাজ, শারীরিক মারধর এবং অনেক ক্ষেত্রে নিকাব-বোরকা খুলে ফেলার চেষ্টা করে শ্লীলতাহানি ও বিবস্ত্র করার হুমকি দিয়েছে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত সাত দফা দাবি হলো, ১. অবিলম্বে সব হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ২. ভুক্তভোগী নারী কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩. নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় সন্ত্রাস রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৪. যেসব নেতা-কর্মী প্রকাশ্যে নারীদের হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ৫. সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সব দলের নারী-পুরুষ কর্মীরা নিরাপদে প্রচারণা চালাতে পারবেন। ৬. গণমাধ্যমকে এই সব ঘটনা নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। ৭. জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এই সহিংসতার বিষয়ে নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
লিখিত বক্তব্যে সংগঠনটির নেতৃবৃন্দ আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার সমান অধিকার রয়েছে। নারীদের প্রতি এ ধরনের সহিংসতা ও হুমকি শুধু আমাদের সংগঠনের বিরুদ্ধে নয়, এটি সমগ্র দেশের নারী সমাজের মর্যাদার ওপরে আঘাত।
তারা আশা জ্ঞাপন করে বলেন, দেশের সকল সচেতন নাগরিক, গণমাধ্যম, সুশীল সমাজ এবং আইন-শৃঙ্খলা বাহিনী এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই এবং সকল পক্ষের কাছে সহিংসতা পরিহার করে একটি সুষ্ঠু নির্বাচনি পরিবেশ তৈরিতে সহযোগিতা কামনা করছি।
শাকিবুল হাসান/নাঈম